ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নিয়মিত ডাকসু নির্বাচন যে কারণে প্রয়োজন

নিয়মিত ডাকসু নির্বাচন যে কারণে প্রয়োজন
×
×

মো. তোফাজ্জল হোসেন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:২৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) গণতন্ত্র চর্চা ও নেতৃত্ব বিকাশের অন্যতম সূতিকাগার। প্রতিষ্ঠার পর থেকে ডাকসু বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠায় তৎকালীন ডাকসু নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছেন।
ডাকসু শুধু গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ নয়; বরং ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখা এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। ডাকসু সক্রিয় থাকলে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। এর ফলে কোনো একটি সংগঠনের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার প্রবণতা প্রতিরোধ করা সম্ভব হয়। পাশাপাশি শিক্ষার্থীদের এমন অনেক দাবিদাওয়া থাকে, যেগুলো সাধারণত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে না। ডাকসু সচল থাকলে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এসব দাবি কর্তৃপক্ষের কাছে তুলে ধরা সহজ হয়।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে ডাকসু নির্বাচন বন্ধ রেখেছে। ১৯৯০ সালের পর দীর্ঘ ২৮ বছর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আবার দীর্ঘ বিরতি দিয়ে ২০২৫ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময় নির্বাচিত ছাত্র সংসদের অনুপস্থিতিতে ক্যাম্পাসের রাজনৈতিক পরিসরে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন, জোরপূর্বক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা, গেস্টরুম-গণরুম সংস্কৃতির মাধ্যমে নিপীড়ন এবং হলের আসন দখল করে সিট বাণিজ্যের মতো ঘটনা ঘটেছে। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রমেও ছাত্র সংগঠনের প্রভাব বিস্তারের অভিযোগ দেখা গেছে। এসব ঘটনা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করেছে।
অতএব, ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা বজায় রাখা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ক্রিয়াশীল রাজনৈতিক 
সংগঠনগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং শিক্ষার্থীদের দাবিদাওয়া প্রশাসনের কাছে কার্যকরভাবে তুলে ধরার জন্য নিয়মতান্ত্রিক ও নিয়মিত ডাকসু নির্বাচন প্রয়োজন। ডাকসু নির্বাচন যেন কোনো সরকারের সদিচ্ছা বা রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল না হয়; বরং নির্দিষ্ট সময় পরপর নির্বাচন আয়োজনের একটি কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি।

মো. তোফাজ্জল হোসেন: শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
[email protected]

আরও পড়ুন

×