ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শিক্ষক পদায়নে গুরুত্বপূর্ণ বিবেচ্য

শিক্ষক পদায়নে গুরুত্বপূর্ণ বিবেচ্য
×
×

মো. খালিদ হোসেন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:৩০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগের কোনো বিকল্প নেই। যোগ্য শিক্ষক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হলো সঠিক পদায়ন। কর্মস্থল শিক্ষকের কর্মদক্ষতা, মানসিক স্বস্তি, উপস্থিতি ও শিক্ষাদানের পরিবেশকে প্রভাবিত করে। তাই নতুন শিক্ষকদের পদায়নে প্রশাসনিক সুবিধার পাশাপাশি মানবিক ও বাস্তব বিষয়গুলোকে বিবেচনায় আনা বিশেষ প্রয়োজন।
নতুন শিক্ষকদের পদায়ন নিয়োগ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। নিয়োগের মাধ্যমে একজন প্রার্থী শিক্ষক হিসেবে নির্বাচিত হলেও তাঁর প্রকৃত কর্মজীবনের সূচনা ঘটে পদায়নের মধ্য দিয়ে। পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায্যতা, যৌক্তিকতা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। শিক্ষক পদায়ন নীতিতে নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন। রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত সুপারিশ, আর্থিক লেনদেন বা প্রশাসনিক পক্ষপাত যেন কোনোভাবেই পদায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
পদায়নের মানদণ্ড, শূন্যপদের তালিকা, অগ্রাধিকার নির্ধারণের পদ্ধতি এবং সিদ্ধান্তের কারণ স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। একটি নিরপেক্ষ ও স্বচ্ছ কমিটি বা ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পদায়ন করা গেলে অনিয়মের সুযোগ কমবে এবং শিক্ষকদের আস্থা বাড়বে। সঠিক সময়ে বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুন্দর পদায়নের গুরুত্ব অপরিসীম।
শিক্ষক পদায়নের ক্ষেত্রে প্রথমেই বিবেচনায় আসা উচিত শিক্ষক ও বিদ্যালয়ের পারস্পরিক প্রয়োজন। নতুন শিক্ষকদের পদায়নে লটারি একটি নিরপেক্ষ পদ্ধতি হতে পারে। তবে লটারির মাধ্যমে নতুন শিক্ষকদের পদায়নে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যেমন–একজন শিক্ষককে হয়তো এমন একটি বিদ্যালয়ে পদায়ন করা হবে, যা তাঁর বাড়ির খুব কাছে; আবার অন্য একজনকে একই লটারির মাধ্যমে এমন দূরবর্তী বিদ্যালয়ে পাঠানো হতে পারে, সেখানে প্রতিদিন যাতায়াত করাই বড় চ্যালেঞ্জ।
একজন শিক্ষককে তাঁর বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে পদায়ন করা হলে তিনি সময় ও শ্রমের সাশ্রয় করতে পারবেন এবং সেই সাশ্রয়কৃত সময় শিক্ষার্থীদের পাঠদান, পাঠ প্রস্তুতি ও বিদ্যালয়ের অন্যান্য কাজে আরও কার্যকরভাবে ব্যয় করতে পারবেন। দীর্ঘ ও ক্লান্তিকর যাতায়াত একজন শিক্ষকের শারীরিক ও মানসিক সক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে। এ বাস্তবতায় পদায়নের ক্ষেত্রে মেধাক্রমের পাশাপাশি শিক্ষক এবং বিদ্যালয়ের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নতুন শিক্ষকদের পদায়নের ক্ষেত্রে বাড়ির নিকটবর্তী বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। পদায়ন প্রক্রিয়া এমন হওয়া উচিত, যাতে একজন শিক্ষককে অযৌক্তিক দূরত্ব অতিক্রম করে প্রতিদিন কর্মস্থলে যেতে না হয়। 

মো. খালিদ হোসেন: সহকারী শিক্ষক, দক্ষিণ তাজপুর সপ্রাবি, মিঠাপুকুর, রংপুর
[email protected]
 

আরও পড়ুন

×