ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দুদকের মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

দুদকের মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
×

ঝিনাইদহ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। ছবি: বাসস

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৩:৩৪ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ১৮:১০

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার যশোরের বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক এস. এম. নূরুল ইসলাম তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মোস্তাফিজুর রহমান বিজু কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। 

দুদক সূত্রে জানা যায়, ২০১১ সালে কালীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান বিজু ও তার স্ত্রী শাহিনুর বেগমের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ বিষয়ে দুদক সম্পদের হিসাব তলব করলে তারা প্রায় ৩ কোটি ৬ লাখ ৭ হাজার ৮৫১ টাকার সম্পদের বিবরণ জমা দেন।

দুদকের অনুসন্ধানে মোস্তাফিজুর রহমানের ১ কোটি ৮১ লাখ ৮৫ হাজার ৪৮৪ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। এ অভিযোগে ২০২১ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সহকারী পরিচালক মোশারফ হোসেন দুর্নীতি দমন আইনে কালীগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক বজলুর রহমান জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার দাবি করে ২০২৫ সালের ৯ নভেম্বর মোস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী শাহিনুর বেগমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। পরে বিচারিক কার্যক্রমের জন্য মামলাটি যশোরের বিশেষ দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

×