সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১২:৪৫ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ১২:৫৩
সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। একই সঙ্গে আগামী ১৬ই জুন আপিল আবেদনের উপর শুনানির দিন ধার্য করেন আদালত।
গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রায়ে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দেন।
রায়ে বলা হয়, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। পরে ওই রায় স্থগিত চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ।
- বিষয় :
- রায়
- স্থগিত
- হাইকোর্ট
- আপিল বিভাগ
- সুপ্রিম কোর্ট