শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৯:৪৪ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১৯:৫৫
জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাজা মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে নিজের মামলা আইনীভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘আমরাও চাই, শেখ হাসিনা ফিরে আসুক, নিজের মামলা নিজে লড়ুক। দিল্লী থেকে তার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি। সত্যি যদি সাহস থাকে, তাহলে তিনি দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুন।’
এ সময় ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে হাতে পেয়েছে প্রসিকিউশন। এর মধ্যে আমির হোসেন আমু, শাজাহান খান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কামাল আহমেদ মজুমদারসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নাম রয়েছে। যার যাচাই-বাছাই শেষে দ্রুতই ফরমাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তাছাড়া এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ২৪ মামলা বিচারাধীন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেশ থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে চলে যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সে দেশেই রয়েছেন তিনি। গত রোববার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ বছরই দেশে ফেরার কথা বলেছেন।
- বিষয় :
- চিফ প্রসিকিউটর
