এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
আহসান হাবিব
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ২১:২৯ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ২১:৩১
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব। আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের এ কর্মকর্তা আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বসানোর তথ্য দিয়েছে। প্রজ্ঞাপনে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়নের কথাও বলা হয়েছে।
১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৫তম বিসিএস পরীক্ষায়ও নিজ ক্যাডারে প্রথম স্থান লাভ করেন।
দীর্ঘ কর্মজীবনে আহসান হাবিব জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক, কর অঞ্চল-১৫-এর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে, সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কর ফাঁকি, অর্থ পাচার ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেন।
অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম উল্কাগেমসের বিপুল পরিমাণ বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর প্রশাসনে দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা ও রাজস্ব আহরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পরিচিত। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
- বিষয় :
- এনবিআর
