ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

এনএসআইর চাকরিচ্যুত দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

এনএসআইর চাকরিচ্যুত দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২১:৪৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) চাকরিচ্যুত দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। তবে আদেশের বিষয়টি সোমবার গণমাধ্যমকে জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই কর্মকর্তা হলেন- এনএসআইর সাবেক অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন এবং বরখাস্ত হওয়া সাবেক যুগ্ম পরিচালক বদরুল আহমেদ। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও চাঁদাবাজির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার অভিযোগটি অনুসন্ধান করছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত দুই সাবেক কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

আদালতে দেওয়া আবেদনে দুদক বলেছে, সাবেক অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে তার বিদেশযাত্রা রহিত করতে আদালতের আদেশ চাওয়া হয়।

অপর আবেদনে বদরুল আহমেদের ক্ষেত্রেও একই ধরনের আশঙ্কার কথা জানানো হয়। দুদক বলেছে, তিনিও দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা কঠিন হতে পারে। এ কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

আরও পড়ুন

×