ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ

ডিসি-পিডিসহ ৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি শুরু 

ডিসি-পিডিসহ ৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি শুরু 
×

হাইকোর্ট। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২২:৩৯

হাইকোর্টের নির্দেশ অমান্য করে কক্সবাজার সদরে সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণের অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও প্রকল্প পরিচালকসহ (পিডি) চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি শুরু হয়েছে।

বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভুঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার প্রথম দিনে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি নূর মোহাম্মদ আজমী। আজ মঙ্গলবার ফের শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ চলছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি) গত রোববার এই আদালত অবমাননার মামলাটি দায়ের করে।

মামলার বিবরণ অনুযায়ী, জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ইতোপূর্বে রুল জারি করেছিলেন এবং শুনানি শেষে ২০১১ সালে কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা এবং বালিয়াড়িতে নির্মিত সব স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছিলেন। আদালতের সেই নির্দেশনা অনুসারে এর আগে দুই দফায় বালিয়াড়িতে স্থাপিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। তা সত্ত্বেও কক্সবাজার পৌরসভা নতুন একটি প্রকল্প গ্রহণ করে বালিয়াড়ির ভেতরে নির্মাণকাজ চালিয়ে আদালতের আদেশ অমান্য করছে– এমন অভিযোগের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয়। 

আরও পড়ুন

×