ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনা রোগীর অবস্থা জানাবে স্মার্ট প্যাচ

করোনা রোগীর অবস্থা জানাবে স্মার্ট প্যাচ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১১:৫৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২০ | ০২:৪৯

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব কিছু নতুন শব্দের সঙ্গে পরিচিত হয়েছে। এখন গ্রামের মানুষও লকডাউন, আইসোলেশন বা কোয়ারেন্টাইন সম্পর্কে জানে এবং সচেতন। কোনো এলাকায় কেউ এ ভাইরাসে আক্রান্ত হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। তার স্বাস্থ্যের উন্নতি বা অবনতি জানার জন্য ব্যস্ত থাকেন চিকিৎসকরা। সার্বক্ষণিক নজরদারির মধ্যে এবং সবার থেকে নিরাপদ দূরত্বে রাখা হয় করোনা রোগীকে। এতে বিশ্বব্যাপী চরম সংকট দেখা দিয়েছে চিকিৎসাসামগ্রী ও চিকিৎসকের। তবে এ বিষয়ে সহজ সমাধান দিতে পারে ছোট্ট একটি যন্ত্র।

স্মার্ট প্যাচ হিসেবে পরিচিত যন্ত্রটি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকদের সমন্বয়ে তৈরি করে চিকিৎসা সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি এপিকোর বায়োসিস্টেমস। যন্ত্রটি তৈরি করা হয়েছে ক্রীড়াবিদদের শারীরিক অবস্থা পরিমাপ করার জন্য। এটি শরীরে পরিয়ে রাখা ব্যক্তির ঘামের উপাদান পরিমাপ করে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের জানান দেয়। এতে ওই ব্যক্তির তত্ত্বাবধানকারী চিকিৎসক তার শরীরের সর্বশেষ অবস্থা জেনে তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। তাই ছোট্ট এ যন্ত্রটি অনেক জটিল সমস্যার সমাধান অতিসহজে দিচ্ছে।

এপিকোর বায়োসিস্টেমসের প্রধান নির্বাহী রুজবেহ ঘাফারি বলেন, স্মার্ট প্যাচ ক্রীড়াবিদদের

পাশাপাশি করোনা রোগীদেরও সাহায্য করতে পারে। যন্ত্রটি এই ভাইরাসে আক্রান্ত রোগীর ঘাম এবং ইলেকট্রোলেট ও সাইটোকিনের মাত্রা পরিমাপ করে চিকিৎসককে অবহিত করবে। একই সঙ্গে রোগীর শরীরে জ্বরের মাত্রা বেড়ে যাচ্ছে কিনা তাও জানিয়ে তার স্বাস্থ্যের উন্নতি বা অবনতি সম্পর্কে অবগত করবে। ফলে রোগীকে যথাসময়ে উপযুক্ত চিকিৎসা দেওয়া সম্ভব হবে এবং প্রাণনাশের ঝুঁকি থেকে বাঁচানো যাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, যন্ত্রটি এন-৯৫ মাস্কের সঙ্গে পরলে রোগীর শ্বাসপ্রশ্বাস, তাপমাত্রা এবং আর্দ্রতা সম্পর্কেও জানা যাবে। সূত্র :ডেইলি মেইল।







আরও পড়ুন

×