ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় ডান হাত হারাল শিশুটি

বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় ডান হাত হারাল শিশুটি
×

শিশু রায়হান। ছবি-সংগৃহীত

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ০১:৫৭

শিবপুর উপজেলায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি বসানোর সময় ছিঁড়ে পড়া তারে জড়িয়ে দগ্ধ শিশু রায়হানের ডান হাত কেটে ফেলা হয়েছে। ঘটনার আট দিন পর গতকাল রোববার দুপুরে তার হাত কেটে ফেলা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বিদ্যুতের আগুনে শিশুটির দুটি হাতই প্রায় অকেজো হয়ে গেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে রায়হানের ডান হাতের কুনুইয়ের ওপর থেকে কেটে ফেলতে হয়েছে।
রায়হান মিয়া (৭) শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী উত্তরপাড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। সে রায়হান স্থানীয় কুমরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, ঘটনার দুই-তিন দিন আগে কুমরাদী প্রাইমারি স্কুলের পাশের রাস্তায় বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করার সময় একটি তার ছিঁড়ে নিচে পড়ে থাকে। তারে বিদ্যুৎ সংযোগ সচল ছিল। এ বিষয়ে টের পেয়ে এলাকাবাসী তাৎক্ষণিক স্থানীয় বিদ্যুৎ অফিসে মৌখিক অভিযোগ করেন। কিন্তু বিদ্যুৎ অফিস কোনো ব্যবস্থা নেয়নি। পরে এলাকাবাসী বিদ্যুৎ অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে দায়িত্বরত কর্মকর্তারা শুধু ‘দেখছি, দেখছি’ বলে সময় পার করেন, কিন্তু কার্যক্ষেত্রে কোনো কর্মী পাঠিয়ে তার অপসারণ বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেননি। গত ২৮ জুন দুপুরে স্কুল ছুটি শেষে অন্যান্য শিশুর সঙ্গে বাড়িতে ফিরছিল ছোট্ট রায়হান। স্কুলের ঠিক পাশেই রাস্তায় পড়ে থাকা সেই বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীর ঝলসে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

সাত্তার মিয়া জানান, তাঁর ছেলে স্কুল ছুটি শেষে বাড়ি আসার পথে ঝুলে থাকা তারে জড়িয়ে গুরুতর আহত হয়। তিনি আর্থিকভাবে সচ্ছল নন। আমার ছেলের চিকিৎসা বাবদ এ পর্যন্ত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৮২ হাজার টাকা, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ৫০ হাজার টাকা দিয়েছে। তাঁর ছেলের ডান হাত কেটে ফেলা হয়েছে। যাদের অবহেলায় তাঁর ছেলের এ অবস্থা, তাদের বিচার চান তিনি।
শিবপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আল আমিন জানান, ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎলাইন মেরামত করেছেন তারা। আহত রায়হানের চিকিৎসায় ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। শিশুটির চিকিৎসায় পাশে আছেন তারা। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

আরও পড়ুন

×