ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শীতে পা ফাটা প্রতিরোধে যা করণীয়

শীতে পা ফাটা প্রতিরোধে যা করণীয়
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০১:২৩

শীতকালে সর্দি-কাশির পাশাপাশি অনেকে ত্বকের সমস্যায় ভোগেন। কারও কারও গোড়ালি বা পায়ের তলা ফেটে যাওয়ার সমস্যাও দেখা দেয়। আজকাল পা ফাটা প্রতিরোধে বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায়। কিন্তু সেগুলিতে ব্যবহৃত রাসায়নিকের কারণে পার্শ্বপ্রতিক্রিয়ার একটা আশঙ্কা থাকে। এ কারণে ঘরোয়া পদ্ধতিতে এ সমস্যা প্রতিরোধের ব্যবস্থা করতে পারেন। যেমন-

নারকেল ও কলার ফুট মাস্ক: পা ফাটার সমস্যা মারাত্মক পর্যায়ে চলে গেলে এ ফুট মাস্কটি ব্যবহার করতে পারেন। এতে উপকার পাওয়া যাবে। এ মাস্ক তৈরির পদ্ধতি-

উপকরণ: টুকরো করে কাটা কলা, লম্বা করে কাটা ৩ থেকে ৪ টুকরো নারকেল।

পদ্ধতি:  নারকেল আর কলার টুকরোগুলো একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন বা ভাল করে বেটে নিন। এরপর এই মিশ্রণটি পায়ের ফাটা জায়গায় ভালো করে লাগিয়ে নিন। প্যাক শুকিয়ে গেলে সামান্য উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি হাতের কাছে তাজা নারকেল না পাওয়া যায় তাহলে একটি কলা চটকে নিয়ে তাতে ২ থেকে ৩ চামচ নারকেল তেল মিশিয়ে মিশ্রণটি তৈরি করতে পারেন। এতেও উপকার পাওয়া যাবে।  

চাল বাটা ও তেল: পা ফাটার সমস্যার সমাধানে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক স্ক্রাব। ঘরোয়াভাবে তৈরি এ স্ক্রাবটি প্রতিদিন ব্যবহার করে খুব দ্রুত পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। স্ক্যাবটি তৈরিতে যা প্রয়োজন-

উপকরণ: ২ থেকে ৩ চামচ চাল, অলিভ অয়েল, সাদা ভিনেগার ও মধু।

পদ্ধতি: প্রথমে চাল একটু ভিজিয়ে রেখে ভাল করে বেটে নিন। খুব মিহি করে বাটবেন না। এরপর এর সঙ্গে ৩ চামচ ভিনেগার আর ২ চামচ মধু দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। 

এ বার একটি বড় পাত্রে সামান্য উষ্ণ গরম পানিতে ১০ থেকে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। ভেজা পায়ে ঘন পেস্টটি ভাল করে মালিশ করে  ১০ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পা মুছে নিন। এখন সামান্য অলিভ অয়েল গরম করে নিয়ে পায়ে মালিশ করুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্যাক ব্যবহার করলে পা ফাটায় দ্রুত ভালো ফল পাবেন।

গ্লিসারিন ও গোলাপজলের ফুট মাস্ক: ফাটা গোড়ালির সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকলে এ মাস্কটি ব্যবহার করলে উপকার পাবেন। এ মাস্কটি যেভাবে তৈরি করবেন-

উপকরণ:  লবণ, লেবুর রস, গ্লিসারিন, গোলাপজল ও হালকা গরম পানি। 

পদ্ধতি: একটি বড় পাত্রে ২ লিটার হালকা গরম পানি নিয়ে তাতে ১ চামচ লবণ, ১ টা গোটা লেবুর রস, ১ কাপ গোলাপজল দিয়ে ১০-১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর পা ঘষার পাথর দিয়ে পায়ের গোড়ালি ভালো করে ঘষে শক্ত, মোটা ও মরা চামড়া তুলে পা ধুয়ে ফেলুন।

এখন ১ চামচ লেবুর রস, ১ চামচ গ্লিসারিন ও ১ চামচ গোলাপজল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে পায়ে লাগান। এভাবে সারারাত রেখে দিন। সকালে উঠে সামান্য গরম পানি দিয়ে পা ভাল করে ধুয়ে ফেলুন। মিশ্রণটি সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার ব্যবহার করলে পা ফাটা কমে যাবে। সূত্র : জি নিউজ

আরও পড়ুন

×