ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যা করণীয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০০:৩০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:০২
ফ্যাটি লিভার একটি পরিচিত সমস্যা। চিকিৎসকদের মতে, যকৃৎ বা লিভারে একটা নির্দিষ্ট মাত্রায় চর্বি থাকা স্বাভাবিক। কিন্তু সেটা যদি নির্দিষ্ট মাত্রার চেয়ে ৫ থেকে ১০ শতাংশ বেশি হয় তাহলে সেটা ফ্যাটি লিভার বলে বিবেচিত হয়।
ফ্যাটি লিভার সাধারণত দুই ধরনের হয়। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আর আরেকটি হচ্ছে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। মাত্রাতিরিক্ত অ্যালকোহল পানের কারণে যকৃৎ বা লিভারে যে ফ্যাট জমা হয়, তাকে ‘অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ বলে। এ ছাড়া খাদ্যাভ্যাস বা জীবনযাত্রায় মাত্রাতিরিক্ত অনিয়মের ফলে লিভারে যে ফ্যাট জমা হয়, তাকে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ বলা হয়।
দ্বিতীয় রকমের ফ্যাটি লিভার বংশানুক্রমিকভাবেও হতে পারে। ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ ওষুধ না খেয়েও সারিয়ে তোলা সম্ভব। সে ক্ষেত্রে খাদ্যাভ্যাস বা জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। সময় মতো ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণে না রাখলে লিভার সিরোসিসের মতো প্রাণঘাতী অসুখের আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। ফ্যাটি লিভারের সমস্যা কমাতে ঘরোয়া উপায়েই চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। যেমন-
১. সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস লেবু আর মধু মিশিয়ে খেয়ে নিন। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারে এক ধরনের এনজাইম তৈরি করে, যা লিভারের চর্বি গলাতে সাহায্য করে। কিছুদিন নিয়ম করে এ মিশ্রণটি খেলে উপকার পাবেন। এ ছাড়া এতে থাকা ভিটামিন সি-ও শরীরের জন্য উপকারী।
২. অ্যাপেল সিডার ভিনেগার ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে দারুণ কার্যকরী। এটি লিভারের পাশে জমে থাকা চর্বি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এজন্য প্রথমে এক গ্লাস গরম পানিতে এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। চাইলে এর সঙ্গে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। দুবেলা খাওয়ার আগে এই মিশ্রণ এক গ্লাস খাওয়ার চেষ্টা করবেন। তবে সকালে খালি পেটে খেলে বেশি উপকার পাওয়া যায়। সূত্র : জি নিউজ
