দিনে কয়টা রসুন খাওয়া ঠিক?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৫
বিভিন্ন ধরনের খাবার তৈরিতে রসুন ব্যবহার করা হয়। নিয়মিত কাঁচা রসুন খেলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়, তবে অতিরিক্ত পরিমাণে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, দিনে চার কোয়া বা ১ গ্রাম পর্যন্ত রসুন খেলে শারীরিক ক্ষতি হয় না। অবশ্য কেউ কেউ এর থেকে বেশি রসুনের কোয়া খেয়েও সুস্থ থাকেন। তবে সবার জন্য তা নিরাপদ নয়।
বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেমন- হৃদরোগ, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস এবং সাইনাসের সমস্যার ক্ষেত্রে রসুন খাওয়া বেশ উপকারী। গবেষণায় দেখা গেছে, রসুন নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংসে সহায়তা করে।
তবে অতিরিক্ত পরিমাণে কাঁচা রসুন খেলে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া যেমন- নিঃশ্বাসে দুর্গন্ধ, মুখ জ্বালা পোড়া, ডায়রিয়া, বমি বমি ভাব, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। অতিরিক্ত রসুন খেলে অনেকসময় রক্তপাতও হয়। বিশেষ করে যাদের রক্তে সমস্যা আছে তাদের বেশি পরিমাণে কাঁচা রসুন খাওয়া ঠিক নয়।
অনেকের রসুন খেলে অ্যাজমার সমস্যা বাড়ে কিংবা অ্যালার্জিজনিত জটিলতাও দেখা দেয়। এছাড়া যাদের পেটের কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে দিনে চার কোয়া রসুন খাওয়াও ঠিক নয়। সূত্র : লাইভস্ট্রং