ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

জুলাইয়ে মার্কিন হামলায় ইরানে নিহত ৫০

জুলাইয়ে মার্কিন হামলায় ইরানে নিহত ৫০
×

ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

আল জাজিরা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১০:৩০

যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলায় রোববার ভোরে ইরানের কেশম দ্বীপে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সময়ে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ইরানের বান্দার খামির শহরে যুক্তরাষ্ট্রের হামলায় দুই ইরানি কিশোরী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে দূতাবাস জানায়, নিহত দুই কিশোরীর নাম সোগান্দ দার্দমান্দ ও ফাতেমা জাহরা আকবারি।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিটের মধ্যে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হামলার পরপরই ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কর্মকর্তারাও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাননি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে বন্দর আব্বাস ও কেশম দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রাথমিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান ও কারণ তদন্তাধীন ছিল।

পরে মেহর নিউজ জানায়, স্থানীয় সময় আনুমানিক ভোর ৩টা ৪০ মিনিটে কেশমের কাছে একটি স্থাপনায় হামলা চালানো হয়, যা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বলে উল্লেখ করা হয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্টের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন দফার বিমান হামলা শুরু হয়েছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের উদ্দেশ্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা আরও দুর্বল করা এবং আগের রাতে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে দ্রুত জবাব দেওয়া।

সেন্টকম আরও জানায়, শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন।
 

আরও পড়ুন

×