হাসিনার বিদায় থেকে শিক্ষা না নিলে সবার পরিণতি খারাপ হবে: পর্যটনমন্ত্রী
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২২:১৪
শেখ হাসিনা যেভাবে দেশ থেকে বিদায় নিয়েছেন, তা থেকে আমরা যদি শিক্ষা না নিই, তবে সবার পরিণতি খারাপ হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিগত সময়ে যা হয়েছে, আমরা কেউ কোনোভাবেই তার পুনরাবৃত্তি করতে চাই না।
রোববার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি নিয়ে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশ ও জেলার উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা জনবান্ধব কাজ করতে চাই। এজন্য স্বেচ্ছায় যার যার দায়িত্ব নিজ থেকে পালন করতে হবে। আমরা সমন্বিতভাবে সরকারের দেওয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই। এটি করতে পারলে জনগণ খুশি হবে, আর না করলে মুখ ফিরিয়ে নেবে।
কর্মস্পৃহা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দৈনিক ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি পারলে আমরা কেন পারব না? বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ের মনোভাব নিয়ে আর চাকরি করা যাবে না। মন থেকে ওইসব বাদ দিয়ে নতুন করে কাজ শুরু করুন। আর যারা কাজ করতে চান না, তারা চাকরি ছেড়ে চলে যান। কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, নেতৃত্বের অভাবে আমরা পিছিয়ে ছিলাম এবং বিগত সরকারের সময়ে দেশটাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। প্রতিবেশীরা এগিয়ে গেলেও আমরা পিছিয়ে পড়েছি। এখন দেশকে এগিয়ে নিতে কাজ চলছে। দেশকে সংস্কার করতে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধীদের আন্দোলনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট আমাদের ঝামেলায় ফেলেছে। এই ঝামেলা বিগত সরকারের তৈরি, আমরা বহন করছি। বিরোধী দল আন্দোলন করে আমাদের সরে যেতে বলছে। কিন্তু আমরা সরে গেলেই কি সমস্যার সমাধান হবে? তা হবে না। এর জন্য সময়ের প্রয়োজন।
ময়মনসিংহে এলজিইডির কাজ আটকে রাখা ৩০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় নির্বাহী প্রকৌশলীকে সাধুবাদ জানান তিনি। একই সঙ্গে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা—এই তিন জেলার দায়িত্ব পেয়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন মন্ত্রী।
- বিষয় :
- পর্যটনমন্ত্রী