ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ভিউর দৌড়ে কে কোথায়

ভিউর দৌড়ে কে কোথায়
×

গ্রাফিক্স :: বোরহান আজাদ

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৭:২৫ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ০৭:২৫

| প্রিন্ট সংস্করণ

ঈদ মানেই বিশেষ নাটকের উৎসব। দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রতিবছর ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসে ভিন্ন স্বাদের গল্প, নতুন জুটি ও ব্যতিক্রমী নির্মাণ। টেলিভিশনের পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্ম এখন নাটক দেখার প্রধান মাধ্যম হয়ে উঠেছে। ফলে দর্শকের পছন্দ-অপছন্দের প্রতিফলন দেখা যায় ভিউর সংখ্যাতেই। এবারের ঈদুল আজহায় ইউটিউবে প্রকাশ হওয়া কয়েকটি নাটক কোটি দর্শকের হৃদয় জয় করেছে। পারিবারিক আবেগ, প্রেম, সামাজিক বাস্তবতা, উত্তরাধিকার সংকট কিংবা ব্যক্তিগত সংগ্রামের গল্পে ভর করে নাটকগুলো ভিউর দৌড়ে শীর্ষস্থান দখল করেছে। চলুন জেনে নেওয়া যাক ইউটিউবে ভিউর বিচারে [গতকাল দুপুর পর্যন্ত] এগিয়ে থাকা ঈদের সেরা ১০ নাটকের গল্প, নির্মাতা ও অভিনয়শিল্পীদের কথা।

তোমাদের গল্প-২ 
ভিউর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত ‘তোমাদের গল্প-২’ নাটকটি। এটি ১৬ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। সিনেমাওয়ালা প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ।  
বহু বছর পর শিকড়ের টানে বাবার বাড়িতে ফিরে আসা একটি পরিবারকে ঘিরে এগিয়েছে গল্প। দীর্ঘদিনের জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি ও পারিবারিক দূরত্ব অতিক্রম করে সম্পর্ক পুনর্গঠনের আবেগঘন চিত্র ফুটে উঠেছে নাটকে।
নাটকের অভিনেত্রী তটিনী বলেন, ‘পরিবারের গল্প কখনও পুরোনো হয় না। সম্পর্কের ভাঙন নয়, পুনর্মিলনের সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছেন নির্মাতা। দর্শক এটি গ্রহণ করেছেন বলেই সবার পরিশ্রম সার্থক হয়েছে।’  

তোর মায়ায় 
ক্যাপিটাল ড্রামা প্রযোজিত ‘তোর মায়ায়’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। এ নাটকের ভিউ ১৪ মিলিয়ন। 
দুটি ভিন্ন পরিবারের সম্পর্ক, মান-অভিমান, প্রেম ও ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘তোর মায়ায়’। তরুণ-তরুণীর আবেগঘন যাত্রার পাশাপাশি পারিবারিক বন্ধনের গুরুত্বও উঠে এসেছে নাটকে।
পরিচালক রুবেল হাসান বলেন, ‘মানুষের জীবনে ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবারের ভূমিকা আরও বড়। সেই বাস্তব অনুভূতিগুলোই নাটকে তুলে ধরেছি। দর্শক নাটকটি গ্রহণ করেছে, এ কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা।’ 

ভাবি 
নাফ এন্টারটেইনমেন্টের ‘ভাবি’ পরিচালনা করেছেন মহিন খান। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, শারমিন জোহা শশী, চিত্রলেখা গুহসহ আরও অনেকে। এটি ১৪ মিলিয়ন দর্শক এরই মধ্যে দেখেছেন। পারিবারিক সম্পর্কের জটিলতা, হাসি-কান্না, দ্বন্দ্ব ও আবেগের সমন্বয়ে নির্মিত হয়েছে নাটকটি। বাস্তব জীবনের পরিচিত সংকটগুলো দর্শকের সামনে তুলে ধরা হয়েছে সহজ ভাষায়।

মায়াপাখি 
সিএমভি প্রযোজিত ‘মায়াপাখি’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাজনীন নীহা প্রমুখ। এ নাটকটির ভিউ ১৩ মিলিয়ন। 
করপোরেট জীবনের প্রতিযোগিতা, উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। কর্মজীবনের ব্যস্ততার ভেতর মানুষ কীভাবে আবেগ ও সম্পর্ককে সামাল দেয়, সেটিই গল্পের মূল বিষয়। নাটকের অভিনেত্রী নাজনীন নীহা বলেন, ‘সমসাময়িক জীবনের বাস্তবতা অভিনয়ের মাধ্যমে নাটকে তুলে ধরতে চেয়েছি। দর্শক নিজেদের অভিজ্ঞতার সঙ্গে গল্পটিকে মিলিয়ে নিতে পেরেছেন। নাটকটির দর্শক সাড়ায় আমি অভিভূত।’ 

ওয়ারিশ 
সিএমভির ব্যানারে নির্মিত ‘ওয়ারিশ’-এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান, সাফা কবির প্রমুখ। এটি ১০ মিলিয়ন দর্শক দেখেছেন। 
পারিবারিক সম্পত্তি ও উত্তরাধিকারকে কেন্দ্র করে সম্পর্কের অবনতির গল্প এটি। একটি উইলকে ঘিরে বিশ্বাস, সন্দেহ ও পারিবারিক ঐতিহ্যের প্রশ্ন সামনে চলে আসে।
ইমরাউল রাফাত বলেন, ‘সম্পত্তির চেয়ে সম্পর্ক বড়–এই বার্তাটিই দর্শকের কাছে দিতে চেয়েছি। দর্শক গল্পের সঙ্গে একাত্ম হতে পেরেছেন।’ 

অচেনা আমি 
ক্যাপিটাল ড্রামা প্রযোজিত ‘অচেনা আমি’ নাটকটি ৯.৬ মিলিয়ন দর্শক দেখেছেন। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা।
পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘ভালোবাসা ও পরিচয়ের দ্বন্দ্ব মানুষের জীবনের চিরন্তন বিষয়। সেটিকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।’

ডুব 
 ৯.২ মিলিয়ন দর্শক দেখেছেন সিএমভি প্রযোজিত নাটক ‘ডুব’। এটি পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে আছেন মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, সাবিনা মিমসহ আরও অনেকে।
গ্রামীণ প্রেক্ষাপটে সাদ্দাম ও রোজিনার প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। সামাজিক বাধা, পারিবারিক সংকট এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের সম্পর্কের পরিণতির গল্পই নাটকের মূল আকর্ষণ। নির্মাতা বলেন, ‘গ্রামের মানুষের জীবন ও আবেগের গল্প সবসময় দর্শকের কাছে গ্রহণযোগ্য। আমরা সেই বাস্তব জীবনটিই তুলে ধরেছি।’

ঝরা বকুল 
একটি দরিদ্র পরিবারের দুই বোনকে ঘিরে আবর্তিত হয়েছে ‘ঝরা বকুল’ নাটকের গল্প। বিয়ের প্রস্তাব, সামাজিক বৈষম্য, ভুল বোঝাবুঝি এবং মানবিক সম্পর্কের নানা দিক নাটকে তুলে ধরা হয়েছে।
রঙ্গন এন্টারটেইনমেন্টের এই নাটকটি এরইমধ্যে ৯.২ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয় করেছেন ইয়াশ রোহান, সুনেরাহ বিনতে কামাল, ডলি জহুর ও রোজী সিদ্দিকী।

নোটবুক 
সিনেমাওয়ালা প্রযোজিত ‘নোটবুক’ নাটকটি ৭.৭ মিলিয়ন দর্শক দেখেছেন। এটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। অভিনয় করেছেন খায়রুল বাসার, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ প্রমুখ।
পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পি বলেন, ‘মানুষের জীবনের অনিশ্চয়তাই গল্পের মূল চালিকাশক্তি। সেই আবেগই দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছি।’

দরদিয়া 
সিএমভি প্রযোজিত ‘দরদিয়া’ লিখেছেন ও পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, নাজনীন নিহা, রওনক হাসান প্রমুখ। ৬ মিলিয়নেরও বেশি দর্শক নাটকটি দেখেছেন। রক্ষণশীল জমিদার পরিবারের মেয়ে কাজলের জীবনে সাহসী তরুণ দেবের আগমন নতুন স্বপ্নের জন্ম দেয়। সামাজিক বাধা ও পারিবারিক চাপ উপেক্ষা করে ভালোবাসার জন্য সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। 

পছন্দের কেন্দ্রবিন্দু পরিবার ও সম্পর্ক
এবারের ঈদের শীর্ষ ১০ নাটকের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে–পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, সামাজিক সংকট, আত্মত্যাগ ও মানবিক মূল্যবোধই ছিল বেশির ভাগ নাটকের মূল উপজীব্য। একই সঙ্গে তরুণ দর্শকের কাছে জনপ্রিয় জুটি এবং শক্তিশালী চিত্রনাট্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনটিই মনে করছেন নির্মাতারা। ‘তোমাদের গল্প-২’ থেকে ‘দরদিয়া’–প্রতিটি নাটকই ভিন্ন ভিন্ন গল্প বলেছে, কিন্তু তাদের মিল এক জায়গায়–মানুষের জীবনের গল্প তুলে ধরা। সেই কারণেই কোটি কোটি দর্শক নাটকগুলোর সঙ্গে নিজেদের আবেগের সংযোগ খুঁজে পেয়েছেন। 

আরও পড়ুন

×