ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

‘লাপাত্তা’র রহস্যময় যাত্রায়

‘লাপাত্তা’র রহস্যময় যাত্রায়
×

‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্যে নুসরাত ফারিয়ার সঙ্গে রুশো শেখ

অনিন্দ্য মামুন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৭:৪৩

শ্রাবণ সমাপ্তির পথে। আকাশের মেজাজও যেন শেষবেলার বর্ষার মতোই খামখেয়ালি। কখনও ঝুমবৃষ্টি, পরক্ষণেই তীব্র রোদ। হিমশীতল বাতাস এসে শরীর জুড়িয়ে দিচ্ছে, আবার হুট করেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। প্রকৃতির এমনই এক রহস্যময় দিনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফ্লোরে আলো জ্বলে উঠল। লাইট-ক্যামেরা-অ্যাকশনের সেই পরিচিত ব্যস্ততার মধ্যে দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ালেন নুসরাত ফারিয়া। নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ দিয়ে আবারও অভিনয়ে, নতুন কাজে, নতুন উদ্যমে চেনা জগতে ফিরলেন তিনি।

এফডিসিতে শুরু হওয়া ‘লাপাত্তা’র শুটিং এরপর ছুটবে পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের কয়েকটি লোকেশনে। প্রায় ১০ দিন ধরে চলবে এই শুটিং। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি। তাঁর সঙ্গে এবারই প্রথম কাজ করছেন নুসরাত ফারিয়া। আর গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনিই–একজন নারী, যাঁকে ঘিরে এগিয়ে যাবে রহস্য, থ্রিল, আবেগ আর কমেডির মিশেলে তৈরি এক ভিন্নধর্মী গল্প।

নুসরাত ফারিয়া পর্দায় এলেই দর্শকের চোখে আলাদা এক প্রত্যাশা তৈরি হয়। আভিজাত্য, জাঁকজমক কিংবা গ্ল্যামারের সঙ্গে নিজেকে উপস্থাপনের পাশাপাশি বারবার ভিন্ন চরিত্রে নিজেকে ভাঙার চেষ্টাও করেছেন তিনি। এফডিসিতেও এলেন আলো জ্বলমলে হয়েই। 

ফারিয়ার জন্য ঝরনা স্পটের ছোট্ট পুকুরের ওপর একটি সেতু। বাহারি রঙের কাপড়ে সাজানো সেই সেতুর চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছিল নানা জাতের ফুল। চারপাশের সাজসজ্জায় যেন বাস্তবতার সঙ্গে কল্পনারও মিশেল। পর্দায় যে চরিত্রকে ঘিরে এত আয়োজন, সেই চরিত্রের প্রয়োজনেই এমন এই সাজ সাজ রব। আর তিনিই ফারিয়া।
লাপাত্তা এই লেডিসের এবারের প্রত্যাবর্তনের গল্পটি একটু অন্যরকম। দীর্ঘ সময় ধরে নানা ঝড়-ঝাপটা পেরিয়ে আবারও অভিনয়ের সেটে ফিরেছেন তিনি। মাঝখানে একটি মিউজিক ভিডিওতে কাজ করলেও বড় কোনো অভিনয় প্রকল্পে নিয়মিত ছিলেন না। ফলে ‘লাপাত্তা’র সেটে তাঁর ফেরাটা নতুন অধ্যায়েরও ইঙ্গিত দিল যেন। 

অবশ্য বিরতিতে একেবারে নিষ্ক্রিয় ছিলেন না ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। ঈদে প্রকাশিত তাঁর গান ‘লোকে বলে’ শ্রোতার কাছ থেকে পেয়েছে ভালো সাড়া। গানটির প্রচারণা নিয়েও ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। পাশাপাশি বিদেশের মঞ্চেও নিয়মিত হয়েছেন। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আগামী মাসে লন্ডনেও একটি শোতে অংশ নেওয়ার কথা রয়েছে। ভক্তদের জন্য আরও দুটি নতুন গান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে সব ব্যস্ততার মাঝেও অভিনয়ের জায়গাটিই যে তাঁর কাছে বিশেষ, ‘লাপাত্তা’তে ফেরার মধ্য দিয়ে সেটিই যেন আবার স্পষ্ট হলো। ফারিয়া বললেন, ‘আমি অভিনয়ের মানুষ, সিনেমার মানুষ, এখন তো গানের মানুষ। এফডিসি আমার চিরচেনা স্থান। কদিন আগেই এখানে গানের শুটিং করেছিলাম। এখন করছি লাপাত্তা। দারুণ গল্পের কাজ। মেহেদি হাসান হৃদয় এই সময়ের মেধাবী নির্মাতা। দর্শকদের পালস বুঝেই কাজ করছেন তিনি।’ 

‘লাপাত্তা’ মূলত একটি কমেডি-থ্রিলার। গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। তাঁর সঙ্গে থাকছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয় এবং আরও কয়েকজন অভিনয়শিল্পী। প্রথম দিনের শুটিংয়ে ফারিয়ার সঙ্গে অংশ নিয়েছেন নাসির উদ্দিন খান। নির্মাতার ভাষ্য, গল্প এবং নির্মাণশৈলীর কারণে কাজটি দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করবে। সে সূত্র ধরে ফারিয়া বললেন, গল্পে নারী চরিত্রই প্রধান। পুরো গল্পটি সেই চরিত্রকে ঘিরেই এগিয়েছে। সাসপেন্স, থ্রিল এবং আবেগের পাশাপাশি রয়েছে কমেডির উপাদান। ফলে দর্শক এতে ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন বলে বিশ্বাস তাঁর।
ওটিটিতে নুসরাত ফারিয়ার যাত্রা অবশ্য একেবারে নতুন নয়। শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ দিয়ে এই মাধ্যমে তাঁর অভিষেক। এরপর ‘পাতালঘর’-এ অভিনয় করেন তিনি। ছবিটি মূলত বড়পর্দার জন্য নির্মিত হলেও পরে পরিকল্পনা পরিবর্তনের কারণে ওটিটিতে মুক্তি দেওয়া হয়। সেই অভিজ্ঞতার পর এবার ‘লাপাত্তা’য় আরও বড় পরিসরে গল্পনির্ভর একটি চরিত্রে দেখা যাবে তাঁকে।
কেন ‘লাপাত্তা’? ফারিয়ার উত্তরেও রয়েছে গল্পের প্রতি তাঁর আগ্রহের ছাপ। তাঁর মতে, এটি নিছক থ্রিলার নয়; কমেডির উপাদানও গল্পটিকে আলাদা মাত্রা দিয়েছে। ওটিটিতে গল্পনির্ভর ও মানসম্মত কাজের সুযোগ রয়েছে। পাশাপাশি শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের সুযোগও তাঁকে আকৃষ্ট করেছে।

কথা বলে বোঝা গেল, ফারিয়া এখন বেশ পরিণত। জীবনের ওপর দিয়ে যাওয়া নানা ঝড় তাঁকে অনেক পরিণত করেছে। দিয়েছে ধৈর্য্য ধরার দারুণ শক্তি। অভিনেত্রীর ভাষ্য, জীবনটা শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা প্রতিনিয়ত শিখি আর পরিণত হই। এই পরিণত হওয়ার যাত্রাটা একেকজনের কাছে একেক রকমভাবে আসে। তবে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষের ভালোবাসা। এই ভালোবাসার শক্তি অনেক। সেই শক্তির বলেই সব পরিস্থিতি পেরিয়ে লাপাত্তার শুটিং সেটে আসতে পারছি। হয়তো আগামী দিনে আরও বড় বড় কাজের সঙ্গেও যুক্ত হব। 
শুটিং শেষ হলে ‘লাপাত্তা’ মুক্তির পরিকল্পনা রয়েছে আসন্ন দুর্গাপূজায়, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। অর্থাৎ উৎসবের আবহে দর্শকের সামনে হাজির হতে পারেন ফারিয়া–এবার নায়িকা হিসেবে শুধু গ্ল্যামারের ঝলক নিয়ে নয়; বরং রহস্য আর গল্পের কেন্দ্রীয় এক নারী হয়ে।
এদিকে বড়পর্দাতেও ফারিয়ার ব্যস্ততা কমছে না। বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ফুটবল একাত্তর’। কলকাতায় মুক্তির অপেক্ষায় ‘রকস্টার’। এ ছাড়া ‘ঠিকানা বাংলাদেশ’ নামে সিনেমাটিও রয়েছে মুক্তির তালিকায়। পাশাপাশি নাম চূড়ান্ত না হওয়া আরও কয়েকটি চলচ্চিত্র নিয়েও কাজ চলছে।
সব মিলিয়ে নুসরাত ফারিয়ার সামনে যেন আবারও খুলে যাচ্ছে একাধিক দরজা। গান, সিনেমা, ওয়েব ফিল্ম–সব মাধ্যমেই নিজেকে নতুন করে মেলে ধরার প্রস্তুতি তাঁর। আর ‘লাপাত্তা’ সেই প্রত্যাবর্তনের প্রথম দৃশ্য। 
প্রকৃতির মতো জীবনেও কখনও রোদ, কখনও বৃষ্টি। কখনও আলো, কখনও অন্ধকার। সেসব পেরিয়েই ক্যামেরার সামনে আবার দাঁড়িয়েছেন ফারিয়া। 

আরও পড়ুন

×