আ.লীগ প্রার্থীদের বিজয়ী করতে ইসি মাস্টারপ্লান করেছে: রিজভী
রুহুল কবির রিজভী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ১০:১০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ | ১০:১৪
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিইসির নেতৃত্বে কতিপয় কমিশনার ও ইসির কর্মকর্তারা আগামী ১ ফেব্রুয়ারীর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করতে মাস্টারপ্লান তৈরী করে রেখেছে। আর সেজন্যই সিটি নির্বাচন নিয়ে কোন আলোচনা কমিশনসভায় স্থান পায় না। অন্যদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগকে জেতাতে ততটাই মরিয়া হয়ে উঠেছে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
রিজভী আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে যে অবস্থা বিরাজমান ছিল অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিএনপি নেতা-কর্মীদের হয়রানী, মিথ্যা ও গায়েবি মামলা দায়ের, ভয়ভীতি প্রদর্শন করে তাদের ঘুম কেড়ে নেওয়ার নীতি এবারও অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ঢাকা শহরে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। বরাবর নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং বৈধ অস্ত্র জমা নেওয়া হয়। এবারে ঢাকা সিটি নির্বাচনে সেই উদ্যোগ নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
