ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোটাধিকার ফিরিয়ে আনতে ভোটকেন্দ্রে আসুন: ফখরুল

ভোটাধিকার ফিরিয়ে আনতে ভোটকেন্দ্রে আসুন: ফখরুল
×

মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১০:৩৩

ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঢাকাবাসীকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'আসুন সব অন্যায়, অবিচার, সন্ত্রাস ও ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলি এবং ১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করি। নিরাপদ ও বাসযোগ্য ঢাকা মহানগরী গড়ে তুলি।'

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব বলেন। এ সময় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে ক্ষমতাসীন দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ধানের শীষের মেয়র ও কাউন্সিল প্রার্থীদের ওপর হামলা, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা, নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি ও মামলা-গ্রেপ্তারের অভিযোগ তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের নির্দেশ ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) কাজ করার শক্তি নেই। এ কারণে এই নির্বাচন পুরোপুরি দলীয়করণের নির্বাচনে পরিণত হয়েছে। নির্বাচনী বিধি লঙ্ঘনের অসংখ্য অভিযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন, রঙিন পোস্টার লাগিয়েছেন, ফুটপাতের ওপর নির্বাচনী অফিস নির্মাণ করেছেন। তাছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দলটির মন্ত্রী-নেতারা যেসব উস্কানিমূলক বক্তব্য রাখছেন, তাতে নির্বাচনের পরিবেশ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিকেই চলে গেছে।

মির্জা ফখরুল বলেন, ধানের শীষের প্রার্থীদের পক্ষে সৃষ্ট গণজোয়ার রোধ করার শক্তি এই দখলদারি সরকার ও কমিশনের নেই। গণবিরোধী কার্যকলাপ না করে সংবিধানে প্রদত্ত দায়িত্ব পালন করুন, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন, ভোটাররা যেন নির্ভয়ে সুষ্ঠু পরিবেশে তাদের মতামত দিতে পারে, সে ব্যবস্থা করুন। না হলে সংবিধান লঙ্ঘন ও জনগণের অধিকার হরণের অভিযোগে আপনাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ভোটের ঠিক একদিন আগে এরকম একটি কর্মসূচি পালন করে সরকারি দল এ নির্বাচনকে সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×