রাজনীতিবিদদের ভোটারদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে: নাসিম
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ১২:২৫ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:০৯
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনীতিবিদদের ভোটারদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ভোটাররা আর কতবার ভোট দিতে যাবেন! নেতাদের কর্মীবান্ধব হতে হবে, কর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা সমিতি এ স্মরণসভার আয়োজন করে।
নাসিম বলেন, রাজনীতিবিদদের সুরঞ্জিত সেনগুপ্তের মতো ভোটারবান্ধব হতে হবে। শুধু ভোটের সময় গিয়ে কর্মীদের কাছে ভোট প্রর্থনা করলে হবে না। সুখে-দুঃখে কর্মীদের খোঁজখবর রাখতে হবে। তবেই কর্মীরা ভোটের সময় নেতাকে আপন ভেবে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।
তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের যোদ্ধা এবং সংগঠক ও স্বাধীন দেশের অন্যতম সংবিধান প্রণেতা। তার পড়াশোনা, মাটি ও মানুষের ভাষা রপ্ত করা, সাহিত্যের রসবোধ আর প্রখর মানবিক মূল্যবোধ, তেজ ও নাটকীয়তায় ভরা বক্তব্যে মানুষ মুগ্ধ হতেন।
সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি সুজাত আহমেদ চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, একেএম শাজাহান, মুহিবুর রহমান মানিক, আব্দুল মজিদ খান, মোয়াজ্জেম হোসেন খান রতন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন প্রমুখ।
