করোনাভাইরাস নিয়ে হটলাইনে ফোন দিলে কেউ ধরে না: রিজভী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৭:২৩
নভেল করোনাভাইরাস সংক্রান্ত তথ্য ও সেবার জন্য সরকারের পক্ষ থেকে চালু হওয়া হটলাইনে ফোন দিলে কেউ তা রিসিভ করেন না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, করোনাভাইরাস সংক্রান্ত তথ্য ও সেবা পেতে স্বাস্থ্য অধিদফতর ১৩টি হটলাইন ফোন নম্বর চালু করেছে। এই নম্বরগুলোতে ফোন করে কাউকে পাওয়া যায় না। ফোন বাজতে থাকলেও কেউ রিসিভ করে না।
তিনি বলেন, দেশের অধিকাংশ সরকারি হাসপাতালে আইসিইউ বেড নাই, ভেন্টিলেশন মেশিন নাই, চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা বা সুরক্ষার জন্য প্রয়োজনীয় মেডিকেল মাস্ক ও ইউনিফর্ম নেই।
বিএনপির এই নেতা বলেন, করোনাভাইরাস নিয়ে দেশজুড়ে আতংকজনক পরিস্থিতি তৈরি হলেও সরকার এ নিয়ে রীতিমত চরম উদাসীনতা ও খামখেয়ালীপনা প্রদর্শন করছে। তাদের সব মনোযোগ ও ব্যস্ততা মুজিব বর্ষ পালন নিয়ে। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের কোনো কার্যকর প্রস্তুতিই নেই।
তিনি বলেন, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে একশ্রেণির অসাধু কর্মকর্তা করোনাভারাস মুক্তি সার্টিফিকেট বিক্রি করছে। যার কারণে বিমাবন্দর থেকে অনায়াসে করোনা আক্রান্ত যাত্রী পার পাচ্ছেন।
করোনাভাইরাস প্রতিরোধে সরকার ব্যর্থ দাবি করে রিজভী বলেন, দেশের সীমান্ত, স্থল বন্দর অরক্ষিত, বিমানবন্দরগুলোতে স্ক্যানার মেশিন নাই, যা দুই একটা ছিলো তাও আবার নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, বিনা ভোটের সরকারের এই ভয়ঙ্কর উদাসীনতার ফলে ভাইরাসের প্রাদুর্ভাব বাড়লে দেশে এক মহাবিপর্যয় দেখা দেবে- তা হবে করুনতম ও মর্মস্পর্শী। এই ব্যাপারে সরকারের ব্যর্থতাকে জনগণ কখনো ক্ষমা করবে না।
আদালতের রায়ে স্লোগান নির্ধারিত হয় না জানিয়ে রিজভী বলেন, কে কোন স্লোগান দেবেন, কোন রাজনৈতিক দল কিভাবে স্লোগান দেবেন, কি স্লোগান দেবেন সেটা আদালতের রায় দিয়ে নির্ধারিত হয় না। আদালত দিয়ে সবকিছু নির্ধারিত হলে দেশের স্বাধীনতাও আদালতের মাধ্যমে হতো। তাহলে যুদ্ধ করতে হতো না। আদালতের রায় দিয়ে পৃথিবীতে কখনো স্বাধীনতা যুদ্ধ হয়নি, কখনো বিপ্লব হয়নি, সব হয়েছে জনগণের ইচ্ছায়।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, আনোয়ার হোসেন বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- রুহুল কবির রিজভী
- বিএনপি
