ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনায় বাংলাদেশ অনেকটাই বিপদমুক্ত: ওবায়দুল কাদের

করোনায় বাংলাদেশ অনেকটাই বিপদমুক্ত: ওবায়দুল কাদের
×

ওবায়দুল কাদের -ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০৮:৪৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়েছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে। যারা এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তারাও এখন সুস্থ। বিশ্বের প্রায় একশটির বেশি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই বিপদমুক্ত।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে করোনাভাইরাস নিয়ে পূর্ব সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগের মহানগর ও সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে প্রচারপত্র তুলে দেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা 'মুজিববর্ষ' বাতিল করতে চেয়েছিল। এখন করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে। এ নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর।'

তিনি বলেন, 'করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই তার বক্তৃতায় দেশবাসীকে সচেতন করছেন। প্রধানমন্ত্রী নিজেই একজন ক্যাম্পেইনার হয়ে প্রতিদিনের বক্তৃতায় এ বিষয়ে কথা বলছেন। এতে দেশে সতর্কতামূলক আবহ তৈরি হয়েছে। কিন্তু বিএনপি এই ভাইরাস নিয়ে রাজনীতি করছে। রাজনীতি করার কিছু নেই বলে তারা সব বিষয় নিয়ে রাজনীতি করে।'

'করোনাভাইরাস প্রতিরোধে সরকার শুরু থেকে যথেষ্ঠ প্রস্তুতি নেয়নি'- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, 'আপনারাই (সাংবাদিক) বলুন, করোনাভাইরাস নিয়ে প্রস্তুতি শুরু হওয়ার পর থেকে কোথায় কোথায় সরকারের ঘাটতি আছে? আমাদের কিছু কিছু যন্ত্রপাতির সমস্যা থাকতে পারে, কিন্তু সেটাও এখন সমাধান হয়ে গেছে। এখন প্রস্তুতিতে কোনো কিছুরই ঘাটতি নেই।'

করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতে দলের পক্ষে সারাদেশে হ্যান্ডবিল বিলি করা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'ডেঙ্গু প্রতিরোধে যেমন সতর্কতামূলক কর্মসূচি নিয়েছিলাম, তেমনি এ ভয়ঙ্কর করোনাভাইরাসের বিরুদ্ধে জনগণকে সতর্ক করতে কর্মসূচি নিয়েছি। তৃণমূল পর্যন্ত এই প্রচারকাজ চালাতে চাই। দলের সহযোগী সংগঠনগুলোও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হেসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।

আরও পড়ুন

×