দেশে সবচেয়ে বড় ভারতীয় পণ্য আ’লীগ: নুর
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪ | ২১:০৮
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রশাসন, সাংবাদিক, বুদ্ধিজীবী সর্বমহলে ভারতীয় এজেন্ট রয়েছে। এ দেশে সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকে বর্জন করুন, রাজপথে নামুন। ১০ ডিসেম্বর, ২৮ জুলাই, ২৮ অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে, গণতন্ত্রের বিজয় অনিবার্য। আমরাই জয়ী হবই।’
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জনবিচ্ছিন্ন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে যুব অধিকার পরিষদের গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘সীমান্তে প্রতি মাসে ৫-৭ জন বাংলাদেশিকে হত্যা করা হয়। সীমান্ত হত্যা বন্ধে আমাদের কেন রাজপথে দাঁড়াতে হবে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে সুরক্ষা দেওয়া, সীমান্তে বিজিবির সদস্যদের নিরাপত্তার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সীমান্তে বিএসএফ কর্তৃক বিজিবি সদস্যের হত্যার ঘটনাকে কিভাবে একজন মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলে? এটা হচ্ছে ভারতীয় তাবেদার সরকারের নতজানু নীতি। ক্ষমতার জন্য এরা ভারতের গোলামি করছে।’
দেশে একসঙ্গে দুটি সংসদ রয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘এই অবৈধ সংসদের অধিবেশন ডাকা হলে আমরা সংসদ অভিমুখে কর্মসূচি দেব। জনগণের গণআন্দোলনেই সরকারের পতন হবে।’
- বিষয় :
- আওয়ামী লীগ
- ডাকসু ভিপি নুরুল হক নুর
- ভারত
