ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সীমান্তে হত্যা প্রমাণ করে দেশের সার্বভৌমত্ব চরম সংকটে: মির্জা ফখরুল

সীমান্তে হত্যা প্রমাণ করে দেশের সার্বভৌমত্ব চরম সংকটে: মির্জা ফখরুল
×

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সমকাল প্রতিদেক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ১৮:৪৭

সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা দিবসেও সীমান্তে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, আরেকজনকে গুলি করে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের কোনো নিরাপত্তা নেই এবং স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব এখন চরম সংকটে। সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশিদের জীবন নিরাপত্তাহীন।

বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এর আগের দিন মঙ্গলবার নওগাঁর পোরশা উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে আল-আমিন নামে এক বাংলাদেশিকে হত্যা এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে লিটন মিয়া নামে এক যুবককে গুলি করার পর তুলে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন। 

মির্জা ফখরুল বলেন, সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা ও আর একজনকে গুলি করে ধরে নিয়ে যাওয়ার পরও সরকার ও মন্ত্রীরা নিশ্চুপ। প্রতিবাদ বা কোনো পদক্ষেপ নেওয়া দূরে থাক, ‘টু’ শব্দটিও পর্যন্ত তারা করেননি। বরং মন্ত্রীরা নির্বিকারভাবে এসব রক্তাক্ত ঘটনা মেনে নিচ্ছেন।

তিনি আরও বলেন, ক্ষমতার জন্য তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতেও দ্বিধা করেন না। তারা ক্ষমতা ধরে রাখতে সব উজাড় করে দিলেও দেশের মানুষ একবিন্দু ছাড় দেবে না। দল-মত নির্বিশেষে সবাইকে সীমান্তে হত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

আরও পড়ুন

×