ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

করোনার এই দুঃসময়ে শেখ হাসিনার ওপর আস্থা রাখুন: কাদের

করোনার এই দুঃসময়ে শেখ হাসিনার ওপর আস্থা রাখুন: কাদের
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৮:০৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবারও ফিরে পাবো চিরচেনা জগত। ফুল-ফল, ফসল, হাসি আনন্দের বাংলাদেশ, উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সুবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ।

সোমবার সংসদ ভবনের সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, দুর্যোগ থেকে ভালো থাকার মূলে সচেতনতা, আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সার্বজনীন ঐক্য এবং সম্মিলিত ও সমন্বিত প্রয়াস।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সরকার তার নানা সীমাবদ্ধতা নিয়েও এই মহামারি থেকে রক্ষা পেতে দিনরাত কাজ করে যাচ্ছে। আসুন, আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি। প্রকারান্তরে নিজেকে নিজে সহযোগিতা করি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও আমরা যদি সচেতনতা না হই, তাহলে তা হবে জেনেশুনে আগুনে ঝাঁপ দেওয়ার সামিল। এ মহামারিতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না।

তিনি বলেন, করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তাই সংক্রমণ লুকিয়ে না রেখে সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে পরীক্ষা করাতে হবে। করোনা ধরা পড়লে আইসোলেশনে থাকতে হবে। এক্ষেত্রে নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে মূল কাজ।

সেতুমন্ত্রী বলেন, করোনার আক্রমণে ইতিমধ্যে জাতীয়  নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সাবেক মেয়র বদরুদ্দীন আহমদ কামরানসহ অনেক নেতা, দেশবরেণ্য শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষ মৃত্যুবরণ করেছেন। তাদের সবার আত্মার শান্তি কামনা করছি এবং গভীর শোক জানাচ্ছি।

আরও পড়ুন

×