ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সরকারের দায়িত্বহীনতায় করোনা মহামারির রূপ নিয়েছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

সরকারের দায়িত্বহীনতায় করোনা মহামারির রূপ নিয়েছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ১০:০১

করোনা মোকাবিলায় সরকারের ‘সীমাহীন ব্যর্থতার’ সমালোচনা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, ‘সরকারের চরম দায়িত্বহীনতার কারণে আজ দেশে করোনা সংক্রমণ রীতিমত মহামারিতে রূপ নিয়েছে। করোনার চিকিৎসাসামগ্রীর কেনাকাটা নিয়ে হরিলুট চলছে। অথচ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এসব দুর্নীতিবাজকে গ্রেপ্তার ও বিচার করে চিকিৎসাব্যবস্থার নৈরাজ্য দূর করতে হবে।’

মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অনলাইন সভায় এসব কথা বলা হয়। এ সময় ধনীতোষণের বাজেট প্রত্যাহার করে দুর্যোগ উত্তরণের বাজেট প্রদান এবং করোনা দুর্যোগ থেকে মানুষ ও দেশ বাঁচানোর দাবিতে আগামী বৃহস্পতিবার ঢাকাসহ জেলা-উপজেলা পর্যায়ে শারীরিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকায় বেলা ১১টায় সচিবালয়ের সামনে এবং জেলায় ডিসি কার্যালয় ও উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনলাইন সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, শাহাদাৎ হোসেন খোকন, সজিব সরকার রতন, স্নিগ্ধা সুলতানা ইভা, মাহমুদ হোসেন, অরবিন্দু বেপারী বিন্দু, শেখ মো. শিমুল প্রমুখ।

সভার প্রস্তাবে জাতীয় সংসদে বছরে একাধিকবার জ্বালানির দাম পরিবর্তন সংক্রান্ত ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২০’ অনুমোদন করায় ক্ষোভ ও নিন্দা জানানো হয়। আরেক প্রস্তাবে অবিলম্বে দমনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার শিক্ষক, সাংবাদিক, কার্টুনিষ্ট ও নাগরিকদের মুক্তি এবং এই আইন বাতিলের দাবি জানানো হয়।

আরও পড়ুন

×