একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ানোর স্বার্থে সংসদে বিল উত্থাপনের প্রতিবাদ সিপিবির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৮:৪০
বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে সংসদে বিল উত্থাপনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অবিলম্বে অবিরাম দাম বৃদ্ধির এই বিল প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আরও বলেন, করোনা মহামারিতে সারাবিশ্বের মতো বাংলাদেশের মানুষও আতঙ্কিত ও বিপর্যস্ত। তখন বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২০’ সংসদে উত্থাপন করা হয়েছে। নতুন এই আইন পাস করে কার্যকর করতে পারলে বিইআরসি বছরে যতবার খুশি ততবার বিদ্যুৎ-গ্যাস, ডিজেল ও পেট্রোলসহ জ্বালানির দাম বাড়াতে পারবে। এই বিল জাতীয় দুর্যোগের মধ্যে আরেক দুর্যোগ হয়ে সাধারণ জনগণের কাঁধে আসছে।
নেতারা বলেন, অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে। দেশের জ্বালানি খাতের অব্যবস্থাপনা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানির দাম কমাতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে সরকারের এই গণবিরোধী তৎপরতা আমাদেরও রুখে দাঁড়ানোর বিকল্প নেই।