পাট শিল্পকে গলাটিপে মেরে সৎকারের পথ থেকে সরে আসুন: জাসদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৭:৩০
সরকারের রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দেওয়া এবং পিপিপির অধীনে পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটি বলেছে, নিজ হাতে গলা টিপে পাট শিল্পকে মেরে ফেলা ও সৎকারের আয়োজন থেকে ফিরে আসতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানাচ্ছি।
শনিবার জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে আরও বলেছেন, ২৫টি পাটকল বন্ধের জন্য যে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা থেকে মাত্র এক হাজার ২৫০ কোটি টাকা বিনিয়োগ ও পাটকলগুলো আধুনিকায়ন করে ২৫ হাজার শ্রমিককে মাসে ২৫ হাজার টাকা মজুরি দিয়ে লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব।
নেতারা বলেন, প্রধানমন্ত্রীর উৎসাহে যখন পাটের জেনম আবিষ্কৃত হয়েছে, পাটের পুনর্জাগরণের প্রচেষ্টা চলছে তখন পাটকল বন্ধ করে দেওয়া এবং পাট অর্থনীতিকে পরিত্যক্ত করার আত্মঘাতি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।
করোনা টেস্টের ফি প্রত্যাহার করার দাবি: জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আরেক বিবৃতিতে সরকারি-বেসরকারি সব হাসপাতালেই করোনার টেস্ট ফি সম্পূর্ণ প্রত্যাহার এবং বেসরকারি হাসপাতালে টেস্টের ব্যয় সরকারকে বহন করার দাবি জানান।
- বিষয় :
- জাসদ
- জাতীয় সমাজতান্ত্রিক দল
- পাট শিল্প