ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দুর্নীতি নির্মূল না হলে সংস্কার কাজে আসবে না: মঈন খান

দুর্নীতি নির্মূল না হলে সংস্কার কাজে আসবে না: মঈন খান
×

ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ০০:০৩

সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘দেশের ধনী শ্রেণি দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এই দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী ফুলে-ফেঁপে উঠছে। বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই বিপুল পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান। এই দুর্নীতি নির্মূল না হলে সংস্কার কোনো কাজে আসবে না।’

গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ড. মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এটি আয়োজন করে ‘৭ নভেম্বর প্রজন্ম’ সংগঠন।

জরিমানার টাকা যাচ্ছে বায়তুল মালে: রিজভী

দোকানিকে জরিমানা করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের ভিপি আজিজুল হকের কঠোর সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ছাত্র রাজনীতিতে নির্বাচন হচ্ছে। কী নির্বাচন হচ্ছে, না হচ্ছে– সবাই দেখছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি হয়েছেন, তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? জরিমানা করার ক্ষমতা কি ডাকসুর ভিপির আছে? তিনি জরিমানা করে সেই টাকা দিচ্ছেন জামায়াতের বায়তুল মালে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ইয়াছির ওয়াদাদ তন্ময়। বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, মারুফ মল্লিক, স্বেচ্ছাসেবক দলের নুরুল হুদা বাবু ও মুক্তিযোদ্ধা দলের হারুন অর রশিদ।

নির্বাচন বানচালে জড়িত একটি মহল: ফারুক

একটি মহল কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, যে মহল নির্বাচন বানচালের সঙ্গে জড়িত, তারাই ২০১৪-এর নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধা দিয়েছিল।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ বহাল রেখে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তবে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না। ১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×