ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গণঅধিকার পরিষদের সঙ্গে এখনও কারও জোট হয়নি: রাশেদ

গণঅধিকার পরিষদের সঙ্গে এখনও কারও জোট হয়নি: রাশেদ
×

গণঅধিকার পরিষদের কার্যালয়ে ব্রিফ করেন রাশেদ খাঁন (ডানে)। রোববার রাজধানীর বিজয়নগরে। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ২০:৫৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ | ২১:০০

গণঅধিকার পরিষদের সঙ্গে এখনও কোনো দলের নির্বাচনী জোট হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেছেন, পরিষদ ইতোমধ্যে ৫০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আরও ১০০ আসনে প্রার্থী দেওয়া হবে।

রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ। এর আগে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পরিষদের নেতারা।

রাশেদ খাঁন বলেন, ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেদিকে সরকার এখনও মনোযোগ দেয়নি। নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। সরকার এই ঘটনার বিচার করতে না পারলে নির্বাচনী পরিবেশ কীভাবে তৈরি করবে।

নির্বাচন কমিশনের আন্তরিকতা আছে জানিয়েছে রাশেদ খাঁন আরও বলেন, আমরা তাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। তবে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নাই। পুলিশ- প্রশাসন ও সব সেক্টরে এখনো আওয়ামী দোসররা আছে। তাই নির্বাচনের আগে প্রশাসনে সংস্কার গুরুত্বপূর্ণ। 

ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রায় দেড় ঘন্টার বৈঠকে অংশ নেন পরিষদের ১২ নেতা। তারা হলেন, উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান, শাকিল উজ্জামান, মাহফুজুর রহমান খান, শহিদুল ইসলাম ফাহিম, খালিদ হোসাইন, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউনুস গাজী প্রমুখ।

আরও পড়ুন

×