রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ ছাড়া সংস্কার কাজে আসবে না: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ২৩:৪১
রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগ ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যে অনেক সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখনও তাদের জনপ্রত্যাশা অনুযায়ী উপযুক্ত ভূমিকায় দেখা যাচ্ছে না। ন্যায়বিচারের আশায় লাখ লাখ মানুষকে হাহাকার করতে হচ্ছে।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে গণতান্ত্রিক আইনজীবী সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন সাইফুল হক। তিনি বলেন, সব সরকারই কোনো না কোনোভাবে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায়। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও বড় দাগে তার কোনো পরিবর্তন হয়নি। বিচার বিভাগ জনগণের শেষ ভরসার জায়গা। অথচ তাকে রাজনৈতিক বিরোধীদের হয়রানির উদ্দেশে ব্যবহার করা হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী বলেন, আইনের চোখে সবাই সমান বলা হলেও, বাস্তবে সাধারণ মানুষ ন্যায্যবিচার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানান তিনি।
অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে ও ফায়েজুর রহমান মনিরের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শেখ রফিকুল ইসলাম, পিয়াস মজুমদার, সোমেন মজুমদার বিদ্যুৎ, অমিত মজুমদার, এ এইচ এম হাসিবুজ্জামান, মায়মুনা করিম টপি, মীর রেজাউল আলম, বিপ্লব হোসেন খান প্রমুখ।
পরে সভায় মাহবুবুল করিম টিপুকে আহ্বায়ক ও ফায়েজুর রহমান মনিরকে সদস্য সচিব নির্বাচিত করে ২১ সদস্যের গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
