জুলাই সনদে এনসিপির সই না করাটা কপালে কলঙ্ক তিলকের মতো: মান্না
জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ১৯:৫১
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এনসিপি জুলাই সনদে সই করেনি, আমাদের সবার জন্য এটি কষ্টের ব্যাপার। এই দল, যুবকেরা, এই শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছে। রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। তারাই যদি সই না করে, বিষয়টা আমাদের কপালে একটা কলঙ্ক তিলকের মতো। অতএব, আমরা তাদের মানিয়ে নেব।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেছেন, যারা রাগ করে, অভিমান করে সই করছেন না, জেনুইন কোনো কারণে সই করছেন না। তাদের বলি—সই করেন। লড়াইটা করতে পারবেন। লড়াই শেষ হয়নি, লড়াই শুরু। আরও একটা গুণগত রূপান্তরের জন্য আমাদের লড়াই শুরু করতে হবে...সেই লড়াইটাই করতে হবে এই ভোটের সময়।
মান্না বলেন, তিনটা টার্ম ভোটই হয়নি, যা ইচ্ছা তাই হয়েছে। এবার ভোট হবে। কত ভালো ভোট হবে, তা বলতে পারি না। পুলিশগুলো তো ভালো হয়নি। তারা এখনো কাজ করে না। আর পুলিশের দোষ দেব কী, মানুষ তাদের ওপরে এত আক্রোশ ছিল— পিটিয়ে হত্যা করে গাছের মধ্যে টাঙিয়ে রেখেছে। তাইতো পুলিশ ভয় পায়।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, পুলিশ কনফিডেন্ট নয়। পুলিশকে আপনি সে রকম কোনো আস্থা দেননি। জনগণ, সরকার, সবাই মিলে পুলিশসহ যারাই নির্বাচন করবে, তাদের যদি সেই আস্থার জায়গায় নিতে পারতাম আমরা, তাহলে আরও ভালো ভোট হতে পারত।
সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুন সভাপতির বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়কার আমলাদের কারণে অনেককিছু আমরা করতে পারিনি। এত বড় গণঅভ্যুত্থান হলো, কিন্তু এর পর যতটা পরিবর্তন হওয়ার কথা ছিল, জনগণের যতটা সুফল পাওয়ার কথা ছিল, তা না পাওয়ার পেছনে আমলাদের একটি বড় অংশের বিরাট দায় রয়েছে। জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের ক্ষেত্রেও বহু সরকারি দপ্তরে গড়িমসি দেখা গেছে। এটি কোনোভাবেই কাম্য নয়। এই বাচ্চাদের অভিশাপে ওইসব আমলাদের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে।
সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার প্রমুখ।
