‘পথ ভুলে’ হারিয়ে যাওয়া দুই কিশোরী ‘মানবিক পোস্টে’ ফিরল বাড়ি
ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১০:৩০
যে ঘর প্রতিদিন দুই কিশোরী বোনের হাসি-আড্ডায় মুখর থাকত, সেই ঘর হঠাৎ করেই ডুবে যায় ঘোর অমানিশায়। হঠাৎ বাইরে বের হয়ে পথ হারায় দুই কিশোরী। যদিও দ্রুত তার ফিরেছে পারিবারের মাঝে। এর মধ্যে কেটেছে মাত্র তিন দিন। কিন্তু এই তিন দিন যেন তিন যুগের সমান দীর্ঘ ছিল গাজীপুরের শ্রীপুরের একটি পরিবারের কাছে। এই সময়টুকুর প্রতিটি মুহূর্ত সন্তান হারানোর আতঙ্কে কাটতে থাকে তাদের বাবা-মায়ের।
গত শনিবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই কিশোরী বোন বাইরে বের হয়। পথ হারিয়ে তারা চলে যায় জামালপুরে। অচেনা জায়গায় তখন শুধুই অনিশ্চয়তা। ঠিক সেই সময় তাদের জীবনে আশার আলো নিয়ে হাজির হয় কয়েকজন ‘মানবিক’ মানুষ। জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি দুই বোনের অসহায় অবস্থা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। নিখোঁজ দুই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সেই মানবিক আবেদন দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। পোস্টে লেখা হয় ‘পথ ভুলে চলে আসা মেয়ে দু’টিকে আমরা পেয়েছি। তারা দুই বোন। মেয়ে দু’টি জামালপুর অপরাজেয় বাংলাদেশ সেল্টার হোমে আছে।’ এই পোস্টটি হয়ে ওঠে দুই বোনের ঘরে ফেরার সেতু।
জাহাঙ্গীর আলমের সেই পোস্ট নজরে আসে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফের। তিনি যোগাযোগ করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সঙ্গে। এরপর শুরু হয় দুই জেলার প্রশাসনের সমন্বিত উদ্যোগ।
জানা যায়, শ্রীপুরের একটি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে ওই কিশোরীরা। মঙ্গলবার তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় মেয়ে দুটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়নি। ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, দুই বোনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই শেষ নয়। আমরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার দায়িত্বও নিয়েছি।
হারিয়ে যাওয়া দুই কিশোরীর বাবা বলেন, ‘আমার বুকের দুই মানিক আমি ফিরে পেয়েছি। ওরা হঠাৎ করেই উধাও হয়ে যায়।’ গাজীপুর ও জামালপুর জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
