ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাহমুদুর রহমান মান্না

জুলাই সনদে এনসিপির সই না করাটা কপালে কলঙ্ক তিলকের মতো হয়ে যায়

জুলাই সনদে এনসিপির সই না করাটা কপালে কলঙ্ক তিলকের মতো হয়ে যায়
×

জাতীয় প্রেস ক্লাবের আকরম খাঁ মিলনায়তনে মাহমুদুর রহমান মান্না। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ১৯:৫৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ | ২০:০২

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এনসিপি জুলাই সনদে সই করেনি, আমাদের সবার জন্য এটি কষ্টের ব্যাপার। এই দল, এই যুবকেরা, এই শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তারাই যদি সই না করে, এটা আমাদের কপালে একটা কলঙ্ক তিলকের মতো হয়ে যায়। অতএব, আমরা তাদের মানিয়ে নেব।’

রোববার জাতীয় প্রেস ক্লাবের আকরম খাঁ মিলনায়তনে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘যাঁরা রাগ করে, অভিমান করে সই করছেন না, জেনুইন কোনো কারণে সই করছেন না। তাঁদের বলি—সই করেন। লড়াইটা করতে পারবেন। লড়াই শেষ হয়নি, লড়াই শুরু। আরও একটা গুণগত রূপান্তরের জন্য আমাদের লড়াই শুরু করতে হবে...সেই লড়াইটাই করতে হবে এই ভোটের সময়।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তিনটা টার্ম ভোটই হয়নি, যা ইচ্ছা তাই হয়েছে। এইবারে ভোট হবে। কত ভালো ভোট হবে, তা বলতে পারি না। পুলিশগুলো তো ভালো হয়নি। পুলিশগুলো এখনো কাজ করে না। আর পুলিশের দোষ দেব কী, মানুষ তাদের ওপরে এত আক্রোশ ছিল—পিটিয়ে হত্যা করে গাছের মধ্যে টাঙিয়ে রেখেছে। তো পুলিশ ভয় পায়।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘পুলিশ কনফিডেন্ট নয়। পুলিশকে আপনি সে রকম কোনো আস্থা দেননি। জনগণ, সরকার, সবাই মিলে পুলিশসহ যারাই নির্বাচন করবে, তাদের যদি সেই আস্থার জায়গায় নিতে পারতাম আমরা, তাহলে আরও ভালো ভোট হতে পারত।’

সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুন সভাপতির বক্তব্যে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়কার আমলাদের কারণে অনেককিছু আমরা করতে পারিনি। এত বড় গণঅভ্যুত্থান হলো, কিন্তু এর পর যতটা পরিবর্তন হওয়ার কথা ছিল জনগণের যতটা সুফল পাওয়ার কথা ছিল তা না পাওয়ার পেছনে আমলাদের একটি বড় অংশের বিরাট দায় রয়েছে। জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের ক্ষেত্রেও বহু সরকারি দপ্তরে গড়িমসি দেখা গেছে। এটি কোনভাবেই কাম্য নয়। এই বাচ্চাদের অভিশাপে ওইসব আমলাদের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে।’

আজকের সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার প্রমুখ।

আরও পড়ুন

×