স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন ব্যাহতের চেষ্টা করছে: জয়নুল আবদিন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ১৬:৩৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ১৬:৪০
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো নির্বাচন ব্যাহত করার একটি হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা আশা করবো, আপনাদের (জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ) নবনির্বাচিত কমিটি লেখার মাধ্যমে সকল পর্যায়ের জনগণের কাছে জানিয়ে দেবে, স্বৈরাচার পালিয়ে গেলও প্রেতাত্মারা এখনো নির্বাচন ব্যাহত করার একটি হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জয়নুল আবদিন আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য নির্বাচন যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু হয় সেজন্য প্রকাশকদেরও সরকারকে সহযোগিতা করতে হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার সরকার প্রকাশনা সংস্থাকে ধ্বংস করে দিয়েছে। কোনো বই ছাপাতে হলে কলকাতা পাঠিয়ে দিতো। সত্যিকার ঘটনাগুলো প্রকাশের সাহস এই প্রকাশনা পরিষদের ছিল না। পাঠ্যপুস্তককেও তারা (আওয়ামী লীগ) স্বৈরাচারী কায়দায় দলীয়করণের হীন চেষ্টা করেছিল।
জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবদিন বলেন, অতীতে স্বৈরাচারী কায়দায় প্রকাশনা পরিষদকে যেভাবে দমিয়ে রাখা হয়েছে, সামনে সেটা হবে না। আপনাদের মধ্যেও গণতন্ত্র থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সত্যিকার কথাগুলো লিখতে হবে।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসস) সাবেক নেতা জাহাঙ্গীর শিকদার, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ প্রমুখ।
