এবার এনসিপির ৭ ইউনিট ও সেলের দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ২০:০৭
মুখপাত্রের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাতটি ইউনিট ও সেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এনসিপির মুখপাত্র হিসেবে যেসব সেল এবং সাংগঠনিক ইউনিট তার কার্যপরিধির আওতাভুক্ত থাকবে, সেগুলো হলো– মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল, ব্র্যান্ডিং সেল, দপ্তর সেল, জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল, রিসার্চ ও পলিসি সেল এবং ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ ইউনিট)।
আসিফ মাহমুদ গত ২৯ ডিসেম্বর এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান হিসেবে দায়িত্ব পান।
- বিষয় :
- এনসিপি
- আসিফ মাহমুদ
