তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ২০:৫৭
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সোমবার গুলশানে তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। নতুন দায়িত্ব নেওয়ার পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এটিই বিএনপি চেয়ারম্যানের সঙ্গে প্রথম সাক্ষাৎ।
সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন ও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। এছাড়া মার্কিন দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দূতাবাসের ফেসবুকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানিয়েছেন, আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।
সন্ধ্যায় ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূত ছিলেন।
এই সাক্ষাতেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমীন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
