ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারী কর্মীদের হেনস্তা ও গুজব ছড়াচ্ছে বিএনপি, অভিযোগ জামায়াতের

নারী কর্মীদের হেনস্তা ও গুজব ছড়াচ্ছে বিএনপি, অভিযোগ জামায়াতের
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ২১:৫৩ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০২

জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, ভোটের প্রচারে দলের নারী কর্মী হেনস্তা, নেতাকর্মীর ওপর হামলা ও গুজব ছড়াচ্ছে বিএনপি। শনিবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের। 

তিনি বলেন, রোববার নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে। দলের নেতারাও যাবেন ইসিতে।

সংবাদ সম্মেলনে গত চার দিনে ছয়টি আসনে নারীদের মারধর-হেনস্তা, ১১টি আসনে হামলা এবং চারটিতে গুজবের তথ্য তুলে ধরে জামায়াত। এহছানুল মাহবুব বলেন, তপশিল ঘোষণার পর থেকেই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে শেরপুরের শ্রীবরদীতে আমাদের উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কোনো খুনিকে গ্রেপ্তার করা হয়নি।

জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, সবচেয়ে উদ্বেগের হলো নারী কর্মীর ওপর হামলা ও হেনস্তা। ঢাকা, যশোর, নোয়াখালী, কুষ্টিয়া, সীতাকুণ্ড, নওগাঁসহ বিভিন্ন স্থানে নারীরা যখন প্রচারণায় নামছেন, তখন তাদের বাধা দেওয়া হচ্ছে। অশালীন ভাষায় গালাগাল করা হচ্ছে এবং ‘নারীদের কীসের রাজনীতি’ বলে ঘরে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

এহছানুল মাহবুব অভিযোগ করেন, কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার মা এবং নারী কর্মীর কাছ থেকে লিফলেট ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের কর্মী-সমর্থকদের ওপর বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের লোকজন হামলা চালিয়েছে। এতে ছয় নেতাকর্মী আহত হন। গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের হামলায় ছাত্রশিবিরে পাঁচ কর্মী আহত হয়েছেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে এহছানুল মাহবুব বলেন, একটি দল পরিস্থিতি উত্তপ্ত করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। শেরপুরে জামায়াতের হামলায় যুবদল নেতা, কিশোরগঞ্জে বিএনপি নেতা নিহত হয়েছেন বলে অপতথ্য ছড়ানো হয়। অথচ পরে প্রমাণ হয়েছে, এগুলো গুজব ছিল। তবে প্রশাসন কিংবা ইসি ব্যবস্থা নেয়নি।

বিএনপি আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ করে জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থীর পাঁচ লাখ টাকা বিতরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঢাকায় ইমাম ও খতিবের মধ্যে টাকা বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় বিএনপি নেতারা ভোটের দিন দেখে নেওয়ার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। গাইবান্ধায় অস্ত্রসহ ইউনিয়ন বিএনপির নেতা মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফরিদপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরার শালিখায় বিএনপি ও যুবদল নেতাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে।

এহছানুল মাহবুব জানান, রোববার শেরপুর যাবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে নিহত নেতা রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জেলা সদর ও জামালপুরে জনসভা করবেন।

আরও পড়ুন

×