এনসিপির কাঠামোতে পরিবর্তন আসতে পারে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০২:০৭
এনসিপি সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আসতে পারে। বিলুপ্ত হতে পারে মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক, মুখপাত্র পদ। জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ পর্যায়ে দলের সাংগঠনিক সংগঠনের বিস্তৃতিতে প্রত্যেক সাংগঠনিক বিভাগে একজন করে সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হবে। তাদের সঙ্গে থাকবেন দুইজন করে সহ-সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে দলটির নির্বাহী কাউন্সিল (ইসি) কমিটির সভায় এসব প্রস্তাব এসেছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক কাউন্সিলে (পিপি) আরও কয়েকজনকে অন্তুর্ভুক্ত করার প্রস্তাব এসেছে বলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সূত্র জানিয়েছে সমকালকে।
আজ শুক্রবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হতে হবে। এ সভায় প্রস্তাবগুলো অনুমোদিত হতে পারে। প্রস্তাব করা হয়েছে দেশের ৬৪ জেলাকে সাংগঠনিক বিভাগে বিভক্ত করা হবে। এই সংখ্যা দেশের প্রাশাসনিক বিভাগের চেয়ে সংখ্যা বেশি হতে পারে।
যেমন বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর বগুড়ার মতো অঞ্চলগুলোকে পৃথক বিভাগ হিসেবে গণ্য করা হবে। দলের একজন করে জ্যেষ্ঠ নেতাকে প্রত্যেক বিভাগের দায়িত্ব দেওয়া হবে বলে প্রস্তাব এসেছে। তারা এসব বিভাগের আওতাধীন জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের কমিটি গঠন ও পুনর্গঠন করবেন। বর্তমানে সংগঠক, সমন্বয়ক, মুখপাত্রের দায়িত্ব পালন করা নেতারা সাংগঠিক সম্পাদকের ভূমিকায় থাকবেন।
সূত্র জানায়, ইসি ৬১ সদস্যের অর্ধেকের বেশি সদস্য এতে উপস্থিত ছিলেন। বর্তমান কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, সদস্যরা বহাল থাকবেন। এই কমিটিই পরবর্তী জাতীয় সম্মেলন পর্যন্ত দায়িত্ব পালন করবে।
- বিষয় :
- এনসিপি
- সাংগঠনিক ব্যবস্থা
