ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন

আ.লীগ নেতাদের ‘ঠেকাতে’ ইসিকে জামায়াতের প্রস্তাব

আ.লীগ নেতাদের ‘ঠেকাতে’ ইসিকে জামায়াতের প্রস্তাব
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৮:৩৮

| প্রিন্ট সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ‘সুযোগ বন্ধ’ করতে নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। সম্প্রতি ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক চিঠিতে এই প্রস্তাব জানায় দলটি। 

এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান স্থানীয় সরকারের প্রস্তাবিত নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করতে হবে। 
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জন্য আলাদা আলাদা আচরণবিধির খসড়া প্রণয়ন করেছে ইসি। এসব আচরণবিধি ইসির ওয়েবসাইটে প্রকাশ করে এর ওপর নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ছাড়াও অংশীজনের মতামত চাওয়া হয়েছে। 

এ প্রেক্ষাপটে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতের তরফে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের নির্বাচনে প্রার্থী হওয়া ঠেকাতে এই প্রস্তাব দেয়। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর ইসি দলটির নিবন্ধন স্থগিত করে। ফলে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে পতিত দলটি। নির্বাচনের পর গঠিত সংসদে অধ্যাদেশকে আইনে পরিণত করার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।    
ইসিতে পাঠানো প্রস্তাবের বিষয়ে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো নেতার স্বাভাবিকভাবেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। ইসিকে পাঠানো চিঠিতে জামায়াতের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ দলের কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এর পাশাপাশি আরও কিছু প্রস্তাব করা হয়েছে জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আশা করা যায়, ইসি প্রস্তাবগুলো বিবেচনা করবে।

আরও পড়ুন

×