ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের অংশগ্রহণের নিন্দা যুক্তফ্রন্টের

সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের অংশগ্রহণের নিন্দা যুক্তফ্রন্টের
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ২১:১৩

সৌদি আরবের নেতৃত্বে ১৪টি দেশ নিয়ে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে (এমএমডিএ) বাংলাদেশের অংশগ্রহণের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। অবিলম্বে যুক্তরাষ্ট্রের সহযোগী সৌদি সরকারের নেতৃত্বে গঠিত জোট থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছে দেশের বাম ও প্রগতিশীল দলগুলোর এই জোটটি। 

সোমবার গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। এতে বলা হয়, লোহিত সাগরের বহুজাতিক এই সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের সভায় আমন্ত্রিত হয়েছিল ৫১টি দেশ। তার মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। কিন্তু অধিকাংশ দেশই এই জোটে যুক্ত হতে রাজি হয়নি।

নেতারা বলেন, এটা স্পষ্ট, পারস্পরিক দ্বন্দ্ব ও নানা বৈশ্বিক জোটে বিভক্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোনো একটি পক্ষের সঙ্গে এ ধরনের সামরিক জোটে অংশগ্রহণ বাংলাদেশের নিরাপত্তা, বাণিজ্যিক ও অর্থনৈতিক ঝুঁকি বাড়াবে। ফলে অপ্রয়োজনীয় সামরিক ব্যয়ও বাড়বে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের ইরানসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এমনকি বাংলাদেশের পণ্যবাহী জাহাজ হুতির মতো সশস্ত্র গোষ্ঠীর টার্গেটে পরিণত হবে। মার্কিন সমর্থিত এই সহযোগী জোটে অংশগ্রহণ ইরান ও ফিলিস্তিন জনগণের সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামিল, যা বাংলাদেশের জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির পরিপন্থি।

বিবৃতিতে বলা হয়, দেশে নির্বাচিত সংসদ ও সরকার থাকার পরও সৌদি জোটে অংশগ্রহণ নিয়ে সংসদে বা বিশেষজ্ঞ পর্যায়ে কোনো আলোচনা করা হয়নি। এটা গণতান্ত্রিক রীতিনীতি চেতনার পরিপন্থি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

বিবৃতিতে স্বাক্ষর করেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সদস্য সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্কাফি রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ইকবাল কবির জাহিদ, মোশরেফা মিশু, মাসুদ রানা, হারুনার রশীদ ভূঁইয়া, আব্দুল আলী, রজত হুদা ও সৈয়দ হারুন অর রশীদ।

আরও পড়ুন

×