ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারকে প্রমাণ করতে হবে তারা শ্রমিকবান্ধব: সাইফুল হক

সরকারকে প্রমাণ করতে হবে তারা শ্রমিকবান্ধব: সাইফুল হক
×

সাইফুল হক। ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২২:০৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ২২:০৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রিকশা শ্রমিকসহ অবহেলিত শ্রমজীবী মানুষের বাঁচার দাবি পূরণ করে সরকারকে প্রমাণ করতে হবে, তারা শ্রমিকবান্ধব সরকার। শ্রমজীবীদের মানবিক জীবন নিশ্চিত না হলে তাদের কাছে গণতন্ত্র কোনো অর্থ বহন করবে না।

আজ রোববার রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত রিকশা শ্রমিক সমাবেশে সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, রিকশা শ্রমিকদের মানবাধিকার নিয়ে কেউ কথা বলে না। অবিশ্বাস্যভাবে চলমান বিদ্যুৎ সংকট বৃদ্ধির দায়ও চাপানো হচ্ছে তাদের ওপর। এই দায় চাপানোর আগে সরকার ও উচ্চবিত্ত-মধ্যবিত্তদের জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

অনতিবিলম্বে ব্যাটারিচালিত রিকশা নির্বিচারে ডাম্পিং ও রিকশা শ্রমিকদের ওপর বেপরোয়া চাঁদাবাজির সন্ত্রাস বন্ধ করার দাবি জানিয়ে সাইফুল হক বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আটক করা সব রিকশা ছেড়ে দিতে হবে। তা না হলে আগামীতে রিকশা শ্রমিকদের জীবন-জীবিকা বাঁচাতে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আহসান বিল্লাল, কেন্দ্রীয় নেতা তুহিন খান, মোহাম্মদ শান্ত প্রমুখ।

সমাবেশ থেকে রিকশা শ্রমিকদের পাঁচদফা দাবি ঘোষণা করা হয়। এগুলোর মধ্যে রয়েছে, রিকশা শ্রমিকদের ওপর ওপর দমন-পীড়ন, পুলিশি হয়রানি ও রিকশা ডাম্পিং বন্ধ; তাদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনে রিকশার জন্য আলাদা লেন তৈরি; অটোরিকশা শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু; তাদের জন্য স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা এবং নির্যাতন বন্ধ করে মানবিক জীবন নিশ্চিত করা।

আরও পড়ুন

×