জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১১:৩১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ | ১১:৩৯
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক যৌথসভায় সর্বসম্মতিক্রমে এ কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরে দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কর্মসূচির বিস্তারিত তথ্য জানান।
কর্মসূচির অংশ হিসেবে ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওই দিন সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের শীর্ষ নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া ৭ নভেম্বর বিকেল ৩টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে এবং সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পরদিন ৮ নভেম্বর সারা দেশের থানা ও উপজেলা পর্যায়েও র্যালি অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে ৬ নভেম্বর বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে ৫ নভেম্বর শ্রমিক দল, ৯ নভেম্বর কৃষক দল ও জাসাস এবং ১০ নভেম্বর যুবদল আলোচনা সভার আয়োজন করবে। পাশাপাশি ৭ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ওলামা দল এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করবে।
গৃহীত এসব কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
- বিষয় :
- বিএনপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
- কর্মসূচি