ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ যুবদলের

গণতান্ত্রিক সংগ্রাম থেকে কখনও পিছিয়ে যায়নি যুবদল: রিজভী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ যুবদলের
×
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৪:১৪

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘৮ বছর আগে এদেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, মহান স্বাধীনতার ঘোষক এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিতকারী শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়।’ 

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের তরুণদের এক বৃহত্তম যুব সংগঠন। যে সংগঠনটি সংগ্রাম, সাহস, ঐক্য এবং দূরত্বের প্রতীক। এরা অনেকবার পুলিশের হাতে ধরা পড়েছে, এদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে, এদের অনেকের যাবজ্জীবন জেলের সিদ্ধান্ত হয়েছে আদালতের পক্ষ থেকে শুধুমাত্র রাজনৈতিক কারণে।’

তারপরেও তারা তাদের গণতান্ত্রিক সংগ্রাম থেকে পিছিয়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি। 

রিজভী বলেন, ‘আজকে যে উৎপাদন, উন্নয়ন এবং জনগণের যে রাজনীতি তারেক রহমান শুরু করেছেন, সামাজিক নিরাপত্তার রাজনীতি শুরু করেছেন, বিভিন্ন সংস্কারমূলক যে পদক্ষেপ নিয়েছেন, সেই সমস্ত কর্মসূচিতেও যুবদল একটি অনবদ্য অবদান রাখবে।’  

এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×