শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২১:০২
মজুরি বৃদ্ধির আন্দোলনে দুর্বৃত্তের হামলায় নিহত গার্মেন্টস শ্রমিক তৌফিক হোসেনের পরিবারের সঙ্গে কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তৌফিক হত্যার বিচার দাবিসহ তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা।
বৃহস্পতিবার তৌফিক হোসেনের স্ত্রী ও বড় ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলেন শফিকুর রহমান। এরপর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, সুষ্ঠু তদন্তে তৌফিক হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই। এ দেশে গরিবের বিচার পাওয়ার সুযোগ কতটা আছে তা জানি না, তবুও আমরা বিচার চাইব। ন্যায্য বিচারটুকু পেলেও অন্তত পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।
গত সোমবার গাজীপুরের বাংলাবাজারে নোমান টেরিটাওয়াল ফ্যাক্টরির সামনে ভাঙচুর করে কিছু দুর্বৃত্তরা। শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষের সময় হামলা হয় তৌফিকের ওপর। তিনি পার্শ্ববর্তী লাইলা স্টাইলস লিমিটেডের কর্মী ছিলেন। দুর্বৃত্তদের হামলায় আহত তৌফিক পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থাকা তৌফিকের পরিবারের সঙ্গে ফোনালাপের পর জামায়াত আমির লিখেছেন, মাথা গোঁজার জন্য নিজের জমি নেই তাদের। তৌফিকের চাচার ছোট্ট একটি ঘরে আশ্রয় নিয়েছেন তৌফিকের স্ত্রী এবং ১১ মাস বয়সী সন্তান সিয়াম। এই পরিবারের পাশে থাকব।
বিরোধীদলীয় নেতার ফোনালাপের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম এমপি, সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকারসহ স্থানীয় নেতারা।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- আন্দোলন
- শ্রমিক