শাহবাগের সমাবেশে বক্তারা
রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হতে হবে
সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ২২:০০
রাজনীতিতে ফিরতে চাইলে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হতে হবে। সন্ত্রাস, নাশকতা করে ফিরতে পারবে না। রাজনীতি ও নাশকতার পার্থক্য বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে।
‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে’ আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন বক্তারা। আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ যৌথভাবে আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি। দুই বছরের বেশি পেরিয়ে গেলেও পূর্ণ বিচার দেখেনি জাতি। পলাতক প্রধান আসামিকেও দেশে ফেরানো যায়নি। এর মধ্যেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে দুটি থানায় অগ্নিসংযোগ হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা হয়েছে। মহাসড়ক ও রেল চলাচল বন্ধ করা হয়েছে, প্রাণহানিও ঘটেছে। বিচার এড়াতে এবং দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত সহিংসতা চালানো হচ্ছে, আর তাতে সাধারণ মানুষের জানমাল আজ ঝুঁকির মুখে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, রাজনীতিতে ফিরতে হলে দলটিকে রাজনৈতিক আচরণ করতে হবে। সন্ত্রাস ও নাশকতায় লাভ নেই। বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই।
হাসনাত কাইয়ূম বলেন, নড়াইলেও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলকভাবে কারও বাড়িঘরে অগ্নিসংযোগেরও নিন্দা জানান তিনি। একই সঙ্গে একজন হিন্দু নেতার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুরো হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে প্রচারেরও সমালোচনা করেন তিনি।
সমাবেশে অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড আবারও প্রমাণ করছে, তাদের অনুশোচনা নেই। গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সমর্থকদের পুনর্বাসনের কথাও বলা হয়েছিল, কিন্তু তাদের কর্মকাণ্ডে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না।
বিএনপি সরকারের সমালোচনা করে তাজনূভা জাবীন বলেন, শুধু কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য করলেই জাতীয় ঐক্য হবে না। সংস্কার না করে জাতীয় ঐক্যের কথা বলার সুযোগ নেই।
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, প্রতিটি আন্দোলনের পরেই আন্দোলনের ফসল এবং আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে আর থাকে না।
এনপিএর সংগঠক অনিক রায় বলেন, আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও করে সফল হবে না। কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে বিচারের সম্মুখীন হতে হবে।
- বিষয় :
- রাষ্ট্র সংস্কার
- শাহবাগ