ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার প্রস্তুতি বিএনপির
কামরুল হাসান
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৮:১১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১৩:৫৭
| প্রিন্ট সংস্করণ
ক্ষমতায় আসার পর প্রথম বিজয় উৎসব জাঁকজমকপূর্ণ করতে নানা প্রস্তুতি নিয়েছে বিএনপি। আসছে ডিসেম্বরে ভিন্ন ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের ৫৫তম বিজয় দিবসকে স্মরণীয় করতে চায় দলটি। এর মধ্য দিয়ে একদিকে যেমন উৎসবের আমেজ সৃষ্টি করা হবে, তেমনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতাও রুখে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিজয় দিবস ছাড়াও দলের কর্ণধার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বর্ষপূর্তি এবং খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।
দলের জ্যেষ্ঠ নেতারা জানান, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির শঙ্কা রয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় ডিসেম্বরজুড়ে রাজপথে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন নেতাকর্মীরা। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের নিয়ে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার কঠোর বার্তা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছে। কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
নেতারা বলছেন, তাদের উদ্দেশ্য একদিকে বিজয় দিবস ও দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো সফল করা, অন্যদিকে ডিসেম্বর ঘিরে নাশকতা সৃষ্টির সুযোগ না দেওয়া। কর্মসূচির মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি দেখানো এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে। সেজন্য রাজধানীর প্রতিটি পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা সক্রিয় থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরের কর্মসূচি সাজানো হচ্ছে কয়েকটি ধাপে। ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাসব্যাপী বিজয় উৎসবের উদ্বোধনের কথা রয়েছে। ৩ ডিসেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দল, ৫ ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল, ৭ ডিসেম্বর যুবদল, ৮ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল এবং ৯ ডিসেম্বর মহিলা দল আলাদা কর্মসূচি পালন করবে। ১২ ডিসেম্বর কৃষক দল এবং ২৩ ডিসেম্বর তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের কর্মসূচি রয়েছে।
৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতন দিবস উপলক্ষেও কর্মসূচি পালন করবে বিএনপি। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে থাকবে দলীয় আয়োজন। ১৩ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি এবং ১৭ ডিসেম্বর বিজয় শোভাযাত্রার আয়োজন রয়েছে। ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সমাবেশের কর্মসূচিও রাখা হয়েছে। এ ছাড়া ১৬ ডিসেম্বর ঢাকায়, ১৭ ডিসেম্বর চট্টগ্রামে, ১৮ ডিসেম্বর বগুড়ায় এবং ১৯ ডিসেম্বর খুলনায় ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর ব্যানারে কনসার্টের আয়োজন করা হবে।
এদিকে ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করবে দলটি। ঢাকা মহানগর বিএনপির কয়েকজন নেতা জানান, তারেক রহমানের দেশে ফেরার দিবস পালনে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী। তবে দলের নেতাকর্মীদের আবেগ আর চাওয়ার পরিপ্রেক্ষিতে দিবসটি পালন করা হবে। এ বিষয়ে দলীয় প্রধানের কাছে তারা আবেদনও জানিয়েছেন।
২৬ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টন থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পদযাত্রা এবং ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর নাগরিক শোকসভা এবং ৩০ ডিসেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নেতারা বলছেন, এসব কর্মসূচি শুধু দিবসভিত্তিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানো হবে। বিশেষ করে রাজধানীসহ গুরুত্বপূর্ণ জেলা ও মহানগরে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে দ্রুত তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় রাজনৈতিক ঐক্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা গুরুত্বপূর্ণ। কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সংশ্লিষ্ট নেতারা জানান, সরকার ও দল– দুই জায়গা থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সংসদ-সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরও দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন সমকালকে বলেন, ১৭ বছর দেশে একটি স্বৈরশাসক জনগণের ঘাড়ে চেপে বসেছিল। সিন্দবাদের দৈত্যের মতো দেশের সবকিছু শেষ করে দিয়েছে। এখন সেই দৈত্য আবার দেশকে ধ্বংস করতে বিদেশি প্রভুকে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। তবে দেশের গণতন্ত্রকামী জনগণকে নিয়ে আমরা সেসব পরিকল্পনা, ষড়যন্ত্রকে পরাস্ত করে একটি সুষ্ঠু ধারার গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমকালকে বলেন, আমাদের নেতাকর্মীরা রাজনীতির মাঠে সবসময় সক্রিয়। যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীরা সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছেন। ডিসেম্বর সামনে রেখে এই রাজনৈতিক ও সামাজিক তৎপরতা আরও জোরদার করা হবে।
- বিষয় :
- বিএনপি