'শুধু জাসদের নয়, বাদল ছিলেন জনগণের নেতা'
প্রয়াত সাংসদ মইনউদ্দিন খান বাদল স্মরণে শুক্রবার আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা - সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ১০:০১
'মইনউদ্দিন খান বাদল শুধু জাসদের নেতা ছিলেন না। তিনি ছিলেন দেশের জনগণের নেতা। জনগণের স্বার্থের জন্যই তিনি রাজনীতি করে গেছেন।'
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) কার্যকরী সভাপতি, প্রয়াত সাংসদ মইনউদ্দিন খান বাদল স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে এ শোকসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু, ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম,এল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সভাপতি এড. আমিন উদ্দিন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারজ্জামান, সমকালের উপ-সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট আবু সাঈদ খান, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, সম্মিলিত সামাজিক আন্দোলন আহ্বায়ক জিয়াউদ্দিন তারেক আলী প্রমুখ। শোকসভা পরিচালনা করেন বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার।
সভায় মোজাফ্ফর হোসেন পল্টু বলেন, 'বাদল যা বিশ্বাস করতেন, তাই বলতেন। কে দুঃখ পাবে কিংবা কে খুশি হবে সেসব লক্ষ্য করে তিনি বক্তব্য দিতেন না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তাকে আমাদের অনেক প্রয়োজন ছিলো। তাঁর অকাল মৃত্যু আমাদের অত্যন্ত ব্যথিত করেছে।'
পঙ্কজ ভট্টাচার্য বলেন, 'বাদল শুধু জাসদের নেতা ছিলেন না। তিনি জনগণের কল্যাণ ও স্বার্থের রাজনীতি করতেন। সত্য কথা বলতে তিনি কখনও পরোয়া করতেন না। যুক্তির সঙ্গে সত্যকে দৃঢ়ভাবে তিনি তুলে ধরতেন। তার অকাল মৃত্যুতে সৃষ্ট শূন্যতা দূর করতে জাতিকে তার আদর্শ ধারণ করার আহ্বান জানান তিনি।
ফজলে হোসেন বাদশা বলেন, সংসদে বাদল কতগুলো মৌলিক বিষয়ে অবদন রেখেছেন। মুক্তিযুদ্ধের আদর্শ এবং নিজস্ব চেতনাকে তিনি অকপটে উপস্থাপন করতেন। সংসদের সবাই এমনকি প্রধানমন্ত্রীও তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনতেন।
আবু সাঈদ খান বলেন, দেশে অনেক সংসদ সদস্য আছেন, কিন্তু সত্যিকারের সাংসদ বা পার্লামেন্টারিয়ানের সংখ্যা হাতে গোণা। মইন উদ্দিন খান বাদল তাদের অন্যতম। পার্লামেন্টে দেওয়া তার ভাষণগুলো এক অনন্য দলিল। সংসদে বিভিন্ন বিষয়ে তার ক্ষুরধার বক্তব্য গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। দলের অভ্যন্তরে মতবাদিক সংগ্রামের ক্ষেত্রে তার ভূমিকাও গণতন্ত্রকামীদের জন্য শিক্ষনীয় বিষয়।
বক্তারা বলেন, মইন উদ্দিন খান বাদল মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে দৃঢ় ভূমিকা রেখেছেন। ক্রমবর্ধমান সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য তিনি সংগ্রাম করে গেছেন।
- বিষয় :
- নাগরিক শোকসভা
- মইনউদ্দিন খান বাদল
