ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ভিপি নুরকে দেখতে ঢামেকে আ'লীগ নেতারা

ভিপি নুরকে দেখতে ঢামেকে আ'লীগ নেতারা
×

রোববার হামলায় আহত ভিপি নুর ও অন্যদের দেখতে ঢাকা মেডিকেলে আওয়ামী লীগ নেতারা- ছবি ফোকাস বাংলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ১০:০৫ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ | ১২:৫১

মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন আওয়ামী লীগের প্রেসেডিয়াম কমিটির সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাছিম।

এ সময় নানক বলেন, শেখ হাসিনার নির্দেশে আমরা এখানে এসেছি। আমরা শুনেছি, তবে ঘটনাটা যে এতো বর্বরোচিত ও পৈশাচিক, সেটা আমরা বুঝতে পারিনি। ঘটনা যেটা ঘটেছে শুধু সেটাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরণের উচ্ছৃঙ্খলতা, শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড- সরকার মেনে নেবে না। এটা রাজনৈতিক প্রতিহিংসার কোনো ব্যাপার নয়। কোন দুষ্কৃতকারী কোন জায়গার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সেটা দেখা হবে। আমরা বলতে চাই, যে মঞ্চের নামেই গোলযোগ করা হোক না কেন- বর্তমান সরকার কাউকে ছাড় দেবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। 

রোববার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখে ফেরার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তাদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও ছিলেন।

নানক বলেন, এটা হাসপাতাল। এখানে অনেক জরুরি রোগী রয়েছে। এখানে যারা স্লোগান দিচ্ছেন তাদের কুমতলব রয়েছে। এই কুমতলব সম্পর্কে সজাগ থাকতে হবে। যারা এখানে আমাদের 'ভারতের দালাল' বলে স্লোগান দিচ্ছেন- এরা কী চায়, এদের উদ্দেশ্য কী- এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নেবে, যাতে গোলযোগ সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেউ অশান্ত করতে না পারে।

রোববার দুপুরে ঢাবির ডাকসু ভবনের নিজ কার্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ভিপি নুরসহ ২৪ জন আহত হন। এ সময় ভিপির কক্ষের কম্পিউটার, চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।


আরও পড়ুন

×