ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ভিপি নুরের ওপর হামলায় বাম জোটসহ বিভিন্ন সংগঠনের নিন্দা

ভিপি নুরের ওপর হামলায় বাম জোটসহ বিভিন্ন সংগঠনের নিন্দা
×

হামলার পর আহত নুর -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ১০:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বামপন্থি বিভিন্ন জোট, দল ও সংগঠন।

রোববার পৃথক সভা-সমাবেশ ও বিবৃতিতে এসব সংগঠনের নেতারা এ হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

রাজধানীর পুরানা পল্টনের সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সভার প্রস্তাবে বলা হয়, ছাত্রলীগ নেতা ও ডাকসু এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং 'মুক্তিযোদ্ধা মঞ্চ' নামের গুণ্ডাবাহিনী ডাকসু ভবনে ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা চালিয়েছে, তা নজিরবিহীন। অবিলম্বে এই হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ আল ক্বাফী রতনের সভাপতিত্বে সভায় অংশ নেন জোটের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহ আলম, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, অধ্যাপক আবদুস সাত্তার, সাজ্জাদ জহির চন্দন, খালেকুজ্জামান লিপন, ফখরুদ্দিন কবির আতিক, হামিদুল হক, মনির উদ্দিন পাপ্পু, শহিদুল ইসলাম সবুজ, লিয়াকত আলী প্রমুখ।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে বলেন, 'দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রদের নির্বাচিত প্রতিনিধির ওপর তার কার্যালয়ে হামলা করার যে ধৃষ্টতা সন্ত্রাসীরা দেখিয়েছে- তা দেশে স্বৈরাচারী ব্যবস্থার অন্যতম দৃষ্টান্ত। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটিও দুঃখজনক ও নিন্দনীয়।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পৃথক বিবৃতিতে বলেন, বেশ কিছুদিন ধরে 'মুক্তিযুদ্ধ মঞ্চের' চিহ্নিত সন্ত্রাসীরা ডাকসু ভিপি ও তার সহকর্মীদের ওপর হামলা-আক্রমণ চালিয়ে আসছে। নির্বাচিত ভিপির বিরুদ্ধে এ ধরনের হামলা-আক্রমণের দায় সরকার ও সরকারি দলকেই নিতে হবে।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম বিবৃতিতে বলেন, জনগণের মতপ্রকাশ ও সভা-সংগঠন করার স্বাধীনতা কেড়ে নিতে সরকার এখন বিরোধী ছাত্র নেতৃত্বকে টার্গেট করেছে।

বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) সভাপতি শাহজাহান আলী সাজু ও সাধারণ সম্পাদক গৌতম শীল বিবৃতিতে বলেন, এ হামলা ছাত্র রাজনীতির জন্য অশুভ সংকেত। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে ছাত্রসমাজকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন

×